তৃণমূলের আমলে বিজেপি করায় সাসপেন্ড, সরকার বদলাতেই চাকরি ফিরে পেলেন রমা বেজ

Published:

teacher bjp (1)

আনিষা চৌধুরী, কলকাতা: মমতা ব্যানার্জির আমলে বিরোধী দলকে সমর্থন করায় চাকরি হারাতে হয়েছিল বলে অভিযোগ হাওড়ার (Howrah) শিক্ষিকা রমা বেজের (Rama Bez)। তাঁর অভিযোগ, বিজেপি করার কারণেই তৎকালীন তৃণমূল বিধায়ক সমীর কুমার পাঁজার নির্দেশে তাঁকে উদয়নারায়ণপুরের বীরেশ্বর বালিকা বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু স্কুল নয়, কলেজের কাজও হারাতে হয়েছিল তাঁকে। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে কেটে গিয়েছে সাতটি বছর। অবশেষে রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের নিজের কর্মক্ষেত্রে ফিরলেন রমা বেজ। শনিবার, ২১ নভেম্বর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ে কাজে যোগ দেন তিনি।

কী বলছেন শিক্ষিকা?

এই প্রসঙ্গে রমা বেজ বলেন, “তৎকালীন তৃণমূল বিধায়ক সমীর কুমার পাঁজা মহাশয় আমাকে ওই জায়গা থেকে বহিষ্কৃত করেন। কলেজ থেকেই আমাকে বের করে দেওয়া হয়। সরকারকেও অনেক ধন্যবাদ জানাই, আমার সম্মান পুনরায় স্কুলে প্রতিস্থাপন করেছেন। সরকারের এই পদক্ষেপে আমি ভীষণ খুশি। আমার মতো যারা বিজেপি করার অপরাধে, হ্যাঁ, আবার বলছি বিজেপি করার অপরাধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি তাদের পাশেও থাকবে সরকার।”

জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে উদয়নারায়ণপুরের বীরেশ্বর বালিকা বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন রমা বেজ। সেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পরিবেশবিদ্যা পড়াতেন তিনি। পাশাপাশি উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজে অতিথি অধ্যাপিকা হিসেবেও দায়িত্ব সামলেছেন। শিক্ষার দুর্নীতি-সহ বিভিন্ন বিষয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। বিজেপির হয়ে একাধিক শিক্ষা আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি রাজ্যপালের কাছে ডেপুটেশনেও গিয়েছিলেন। এরপরই রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় বলে অভিযোগ তাঁর। স্কুলের অস্থায়ী শিক্ষিকার পদ এবং কলেজের অতিথি অধ্যাপিকার কাজ, দুটিই হারান তিনি।

দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর আপাতত বীরেশ্বর বালিকা বিদ্যালয়ে নিজের অস্থায়ী শিক্ষিকার পদ ফিরে পেয়েছেন রমা। এই লড়াইয়ে বিজেপির শিক্ষা সেলের সদস্যরা তাঁকে সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন তিনি। যদিও মাধবীলতা কলেজের অতিথি অধ্যাপিকার কাজ এখনও ফিরে পাননি। সেই পদটিও ফিরে পাওয়ার আশা রয়েছে তাঁর। দীর্ঘদিন পর পুরনো স্কুলে ফিরে স্বাভাবিকভাবেই খুশি রমা।

আরও পড়ুন: গবেষণাকেন্দ্রে ২ কোটি ও গোশালায় ১ কোটি, নবদ্বীপ থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক দলকে সমর্থন জানানো দোষের নয়। যাঁরা রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশেও দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর রাজনৈতিক হিংসায় নিহতদের ৩১৫টি পরিবারের জন্য এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

google button