গড়াবে এই রুটে চাকা, ২০২৭ এই শুরু হচ্ছে বুলেট ট্রেনের যাত্রা

Published:

bullet-train (2)

আনিষা চৌধুরী, কলকাতা: প্রযুক্তি ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গত কয়েক বছরে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। একসময় আধুনিক প্রযুক্তি কিংবা উন্নত পরিকাঠামোর জন্য বিদেশি সহায়তার দিকে তাকিয়ে থাকতে হত মানুষকে। কিন্তু বর্তমানে একাধিক ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ও দেশীয় দক্ষতার উপর ভিত্তি করেই এগিয়ে চলেছে ভারত। মহাকাশ গবেষণা থেকে শুরু করে আধুনিক পরিবহণ ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন নজির। এবার সেই অগ্রগতির মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। ২০২৭ সালেই ভারতে চালু হতে চলেছে প্রথম বুলেট ট্রেন (Bullet Train) পরিষেবা। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন।

প্রথম বুলেট ট্রেনের যাত্রাপথ

ভারতের প্রথম হাইস্পিড রেল পরিষেবা চালু হবে মুম্বই-আমেদাবাদ করিডরে। তবে একবারে গোটা রুটে পরিষেবা শুরু হচ্ছে না। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের শেষ ত্রৈমাসিকে প্রথম পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার অংশে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে এই পরিষেবা মুম্বই পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

প্রকল্পের নির্মাণকাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪৫৬ কিলোমিটার এলাকায় পিলার নির্মাণ এবং ৩৭১ কিলোমিটার ভায়াডাক্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় ২৯৯ কিলোমিটার এলাকায় শব্দদূষণ কমাতে বসানো হয়েছে ৬ লক্ষ নয়েজ ব্যারিয়ার। ২০৬ কিলোমিটার ভায়াডাক্ট জুড়ে বসানো হয়েছে ৯৩০০টি ওভারহেড ইলেকট্রিক্যাল মস্ত।

এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে ভারতের প্রথম সমুদ্রতলের রেল সুড়ঙ্গ। মহারাষ্ট্রের অংশে তৈরি হচ্ছে ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, যার মধ্যে প্রায় ৭ কিলোমিটার অংশ থানে ক্রিকের নীচ দিয়ে যাবে। ইতিমধ্যেই চারটি পাহাড়ি সুড়ঙ্গের খননকাজ শেষ হয়েছে। পাশাপাশি আটটি স্টেশনের সিভিল নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনগুলির সৌন্দর্যায়ন ও অন্যান্য কাজ চলছে। সাবরমতী, সুরাট এবং থানে, এই তিন জায়গায় তৈরি হচ্ছে ট্রেন রক্ষণাবেক্ষণের ডিপো।

আরও পড়ুন: মুম্বাইয়ের পার্কে ছবি তোলা যুগলের ওপর হামলা! লাঠি-বেল্ট দিয়ে মারধর, আটক ৮

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরির কাজও দেশেই চলছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং BEML যৌথভাবে তৈরি করছে দেশীয় প্রযুক্তির B28 ট্রেনসেট, যার পরিকল্পিত সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮০ কিলোমিটার। প্রথম বডি ফ্রেম তৈরি হয়ে গিয়েছে এবং তার কাঠামোগত পরীক্ষা চলছে। ২০২৭ সালের মাঝামাঝি ট্র্যাক ট্রায়ালের পরিকল্পনা রয়েছে। এই পরিষেবা চালু হলে দ্রুত যাতায়াতের পাশাপাশি মুম্বই-আমেদাবাদ করিডরের বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। কর্মসূত্রে যাতায়াত, ব্যবসা এবং পর্যটনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। ফলে দেশের পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

google button