মোবাইলের লাইটেই রোগী দেখা, বাঁকুড়ায় অসহায়দের বিনামূল্যে শুশ্রূষা করছেন শ্রুতি

Published:

Bankura

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও বিদ্যুৎ এসে পৌঁছয়নি গ্রামে, কিন্তু তাও মানবসেবায় থেমে থাকেনি বাঁকুড়ার (Bankura) তরুণী চিকিৎসক শ্রুতি গুপ্ত। তাইতো প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা (Bankura Free medical service) পরিষেবা পৌঁছে দিতে প্রতি সপ্তাহে ছুটে যান এই তরুণী। অন্ধকারে কখনও মোবাইলের ফ্ল্যাশলাইট চালিয়ে তো কখনও টর্চের আলোয় করেন চিকিৎসা। এইভাবে আলোহীন গ্রামে বিনা স্বার্থে মানবসেবার আলো জ্বালিয়ে সুস্থতার হাসি ফুটিয়ে চলেছেন তিনি। এককথায় তাঁর এই নিরলস উদ্যোগ মানবিকতার ক্ষেত্রে এক অনন্য নজির গড়ে তুলেছে।

কে এই শ্রুতি গুপ্ত?

জানা গিয়েছে, পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক শ্রুতি গুপ্ত। তিনি মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে BHMS ডিগ্রি অর্জন করেছেন। চার বছর ধরে তিনি এই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। এইমুহুর্তে নতুনগ্রাম এবং বাঁকুড়ায় নিজের বাড়িতে চেম্বার করে রোগী দেখেন তিনি। তবে শত ব্যস্ততার মাঝেও প্রত্যন্ত গ্রামের মানুষের কথা তিনি ভোলেননি। তাইতো প্রতি সপ্তাহে সময় বের করে একটি নির্দিষ্ট দিনে আন্দারথোল গ্রামে পৌঁছে বিনামূল্যে চিকিৎসা করেন গ্রামবাসীদের।

কী বলছেন গ্রামবাসীরা?

শুধু রোগী দেখাই নয়, তরুণী চিকিৎসক শ্রুতি গুপ্ত নিজের উদ্যোগে রোগ বুঝে বিনামূল্যে ওষুধ প্রদান করেন এমনকি রক্তপরীক্ষার ব্যবস্থাও করা হয়। জানা গিয়েছে, ‘আলোর দিশা কর্মযোগ’ নামের একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে এই কাজ করছেন তিনি। তাঁর এই অদম্য জেদের কাছে কোনও প্রতিকূলতাই যে ঠাঁই পাবে না তা বেশ স্পষ্ট। স্থানীয় বাসিন্দাদের কথায়, “টাকার অভাবে অনেকেই ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না। সেই জায়গায় শ্রুতি দিদির এই উদ্যোগ তাঁদের কাছে আশীর্বাদের মতো। এককথায় আমাদের এই অন্ধকার গ্রামে তিনিই যেন সত্যিকারের ‘আলোর দিশা’।”

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে কার্যকর কেন্দ্রের ন্যূনতম মজুরি কাঠামো, বেতন বাড়ছে DSP-র ঠিকা শ্রমিকদের

তবে শুধু শ্রুতি গুপ্ত নন, এই ঘটনায় আরও একজন মানব দরদী চিকিৎসকের প্রসঙ্গ উঠে এসেছে। আর তিনি হলেন, ডক্টর দীপক গুপ্ত। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি মারা গিয়েছেন। চলতি বছর ২৫ এপ্রিল, গভীর রাতে ছাতনার কমলপুর থেকে ফেরার সময় কাটজুড়িডাঙ্গা মোড়ে একটি অর্জুন গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন তিনি। আর এই ঘটনায় মর্মাহত হয়ে পড়েছিলেন গোটা বাঁকুড়াবাসী। কিন্তু এবার সেই নির্ভরতার জায়গায় আরও এক নতুন মুখ দেখলেন গ্রামবাসী, আর তিনি হলেন শ্রুতি গুপ্ত।

আরওBankuraDoctor
google button