মুহুর্মুহু হামলার কবলে পড়ে জাহাজ, ৩ দিনে সাঁতার কেটেই সেই হরমুজ পার করলেন ব্যক্তি

Published:

Hormuz Swimming

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাহস বোধহয় একেই বলে। পাশ দিয়েই যাচ্ছে মালবাহী জাহাজ। দূরে দাঁড়িয়ে রণতরী। ঘনঘন উঠে আসছে ক্ষেপণাস্ত্রের গর্জন। যে আন্তর্জাতিক জলপথ দিয়ে ভয়ে ভয়ে জাহাজ নিয়ে আসতে হয় বিশ্বের একাধিক দেশকে, সেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) সাঁতার (Swimming) কেটে পার হলেন ব্রিটিশ নাগরিক লুইস পাগ। মাত্র তিন দিনের মধ্যেই এই আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ পার করে গোটা বিশ্বের চোখে নজির গড়ে দেখালেন তিনি। নিজের অভিযান শেষ করে গোটা বিশ্বের জন্য এক বিশেষ বার্তাও দিলেন লুইস।

3 দিনে হরমুজ পার

রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অধীনে প্যাট্রন অফ দ্য ওশানস হিসেবে পরিচিত লুইস। 56 বছর বয়সী এই সাঁতারু গত 16 নভেম্বর, ওমানের মুসান্দাম দ্বীপ থেকে নিজের সাঁতার অভিযান শুরু করেন। মাত্র তিন দিনের মধ্যেই 15 কিলোমিটার পেরিয়ে কেপ অফ হরমুজে এসে পৌঁছন তিনি। হরমুজ প্রণালী সাঁতরে পার করার পর নিজের একাধিক সাহসী অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ব্রিটিশ নাগরিক পাগ।

ওই সাঁতারু জানিয়েছেন, তিনি হরমুজ প্রণালীতে সাঁতার কাটতে নামার 30 মিনিটের মধ্যেই কয়েক কিমি দূরেই একটি তেলবাহী ট্যাঙ্কারে বিরাট বিস্ফোরণ ঘটে। শুধু তাই নয়, হরমুজে থাকাকালীন মাথার উপর থেকে একের পর এক যুদ্ধবিমান উড়ে যেতে দেখেছিলেন ওই সাঁতারুর দল। এমনকি পরবর্তী দিনগুলিতে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার সাক্ষী ছিলেন তিনি। ওই অ্যাথলিট এও জানান, গ্যাস ট্যাঙ্কারে হামলার পরই চারিদিকে ছড়িয়ে পড়েছিল আগুন।

আরও পড়ুন: উত্তাল বাংলাদেশ! এরই মাঝে চুপিসারে ভারতে আসছেন হাসিনার চার ঘনিষ্ঠ, বড় খবর

হরমুজ প্রণালীতে নিজের কর্মসূচি শেষ করার পর সাহসী অভিজ্ঞতার কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন লুইস। তিনি লিখেছিলেন, “যুদ্ধ মানুষের জীবন কেড়ে নেয়, পরিবারের শোকের ছায়া নামে। ধ্বংস হয় অসংখ্য বাড়িঘর। তবে এই যুদ্ধ আরও কিছু জিনিস শেষ করে নেয়, সেটার কথা কেউ বলে না। যুদ্ধ মানেই প্রকৃতির মৃত্যু।” নিজের দুঃসাহসিক অভিযান থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের পর ওই ব্রিটিশ সাঁতারু সকলের কাছে যুদ্ধ বন্ধ করে শান্তির পথে ফের আহ্বান জানান। একই সাথে পুনরায় হরমুজ খুলে দিয়ে সেখানে বাণিজ্য আগের মতো শুরু করারও প্রস্তাব রাখেন তিনি।

google button