রাজ্যের ৫ লক্ষ ৭৩ হাজার কৃষককে ক্ষতিপূরণ দেবে সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

suvendu adhikari

আনিষা চৌধুরী, কলকাতা: ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan) ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়লেও তার প্রভাব থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গ। গত বৃহস্পতিবার, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নাগাড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে জনজীবনের পাশাপাশি ব্যাপক প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। দুর্যোগের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের কৃষকরা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষিদের (Farmers) পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী বলছেন মুখ্যমন্ত্রী?

টানা বৃষ্টিতে কোথাও জমির পাকা আমন ধান জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছে, কোথাও আবার কাটা ধান মাঠেই পড়ে ভিজে গিয়েছে। পূর্ব বর্ধমানের একাধিক এলাকায় ধান ও আলুচাষের জমিতে জল জমেছে। অন্যদিকে, জল জমে শীতকালীন শাকসবজি ও ফুলচাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পূর্বস্থলীতে ফুলকপি চাষিরা বাধ্য হয়ে আগেভাগেই ফসল তুলে কম দামে বিক্রি করছেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটের ফুলচাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া পানের বরজ ও তিলের চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে দিশাহারা চাষিরা। তাঁদের এই পরিস্থিতি সামাল দিতেই আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

রবিবার কৃষকদের জন্য ক্ষতিপূরণের বিস্তারিত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের এক কাঠা জমির জন্য ন্যূনতম ২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি হেক্টরপ্রতি সর্বোচ্চ ১৭ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে। মুখ্যমন্ত্রীর কথায়, “এক কাঠা জমিতে ন্যূনতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ১৪৪৪৭ নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। যে জমিগুলিতে জল জমেছে, সেখানে আগামীকাল সোমবার থেকে হবে বিশেষ অভিযান। জল বের করবে প্রশাসন। তার কোনও খরচ কৃষকদের বহন করতে হবে না।” তাঁর ঘোষণা অনুযায়ী, সোমবার থেকেই ব্লকে ব্লকে ক্যাম্প করে ক্ষতিপূরণের যোগ্যতা যাচাই করা হবে। রাজ্যে ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক এবং ১ লক্ষ ৭ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সরকার পরিবর্তনের পর থেকেই কৃষকদের আর্থিক সহায়তা ও কৃষিকাজে সুবিধা দিতে একাধিক উদ্যোগের কথা জানিয়েছে বিজেপি সরকার। কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা, আলুচাষিদের পরিবহণে ভর্তুকি এবং কৃষকদের জন্য বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপের পাশাপাশি এবার প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আকভানের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এক কাঠা জমিতে ন্যূনতম ২ হাজার টাকা এবং হেক্টরপ্রতি সর্বোচ্চ ১৭ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন: রামের অযোধ্যা থেকে সীতার জনকপুর, কালই শুরু হচ্ছে ভারত-নেপাল ট্রেন পরিষেবা

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক পদক্ষেপ করার উদ্যোগ নিয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার পাশাপাশি কৃষকদের স্বার্থেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির পরেও তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। তবে ঘোষিত ক্ষতিপূরণের অর্থ কত দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয়, এখন সেটাই দেখার বিষয়।

google button