অনন্যা সরকার, কলকাতা: যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও বাঙালি বিজ্ঞানীর (Bengali Physicist) জয়জয়কার। ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও পদার্থবিজ্ঞানী শুভাশিস মণ্ডল কম্পিউটেশনাল কোয়ান্টাম ম্যাটেরিয়ালস (Computational Quantum Materials) এবং কনডেন্সড ম্যাটার ফিজিক্সের (Condensed Matter Physics) ক্ষেত্রে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছেন। ২০২৬ সালে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি মর্যাদাপূর্ণ জাতীয় সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি এনএসএফ ক্যারিয়ার অ্যাওয়ার্ড (NSF CAREER Award) এবং ‘রিসার্চ কর্পোরেশন ফর সায়েন্স অ্যাডভান্সমেন্ট’ কর্তৃক ‘কট্রেল স্কলার’ (Cottrell Scholar) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাঙালি পদার্থবিজ্ঞানীকে পুরস্কৃত করল মার্কিন যুক্তরাষ্ট্র
শুভাশিস মণ্ডলের গবেষণার মূল লক্ষ্য হল ভবিষ্যতের কোয়ান্টাম প্রযুক্তির জন্য নতুন ধরনের পদার্থ আবিষ্কার ও ডিজাইন তৈরি। তিনি ফার্স্ট-প্রিন্সিপলস কোয়ান্টাম মেকানিক্স, মেনি-বডি থিওরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এমন সব কম্পিউটেশনাল টুল তৈরির কাজে নিয়োজিত, যেগুলি উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টর, টপোলজিক্যাল ইনসুলেটর এবং অল্টারম্যাগনেটের মতো নতুন কোয়ান্টাম পদার্থের বৈশিষ্ট্য আগে থেকে অনুমান করতে পারে।
পারমাণবিক পর্যায়ে ইলেকট্রনের আচরণ ও পারস্পরিক মিথস্ক্রিয়া সিমুলেশনের মাধ্যমে তাঁর গবেষণা এমন সব পদার্থ আবিষ্কারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে চায়, যা স্কেলেবল কোয়ান্টাম কম্পিউটার এবং ক্লিন এনার্জি টেকনোলজির জন্য অপরিহার্য। এনএসএফ ক্যারিয়ার অ্যাওয়ার্ডের সহায়তায় পরিচালিত তাঁর প্রজেক্টে ইলেকট্রন, ক্রিস্টাল ল্যাটিস এবং টপোলজির মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
আরও পড়ুন: মোবাইলের লাইটেই রোগী দেখা, বাঁকুড়ায় অসহায়দের বিনামূল্যে শুশ্রূষা করছেন শ্রুতি
ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে, সুভাশিস মণ্ডল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি. এবং আইআইটি মাদ্রাজ থেকে এম.এসসি. ও পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে কাজ করার পাশাপাশি ইয়েল বিশ্ববিদ্যালয় ও রাটগার্স বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল রিসার্চ সম্পন্ন করেন।
রিসার্চ কর্পোরেশন ফর সায়েন্স অ্যাডভান্সমেন্ট কর্তৃক তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে মাত্র ২৪ জন তরুণ গবেষকের মধ্যে অন্যতম হিসেবে ‘কট্রেল স্কলার’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। ১,২০,০০০ ডলার প্রাইজ মানির মাধ্যমে তিনি কেবল নিজের গবেষণাই এগিয়ে নিয়ে যাচ্ছেন না, এর পাশাপাশি গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কোয়ান্টাম বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগও নিয়েছেন।


