রিলায়েন্সের ২ লক্ষ কোটির পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জমি জট, হরিপুর-নয়াচর নিয়ে পিছিয়ে এল রাজ্য

Published:

Nuclear Project

আনিষা চৌধুরী, কলকাতা: শিল্প ও পরিকাঠামোর ক্ষেত্রে বড় বিনিয়োগের হাত ধরে রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যেই এবার নজর রয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়্যান্স (Reliance) ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (Nuclear Project) ঘিরে রাজ্যে (West Bengal) বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ৬ থেকে ৭ বছরে প্রায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই প্রকল্পের জন্য উপযুক্ত জমি খুঁজতে গিয়েই তৈরি হয়েছে নতুন সমস্যা।

কোন সমস্যার সম্মুখীন নয়া প্রকল্প?

সূত্র অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের হরিপুর এবং নয়াচর এই দুই জায়গাকে ঘিরে প্রাথমিকভাবে আলোচনা হলেও রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব কোনওটিকেই চূড়ান্ত করতে রাজি হয়নি। কারণ, এই দুই এলাকায় প্রকল্পের কাজ শুরু হলে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরোধিতা এবং জমি সংক্রান্ত আন্দোলন তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে রিলায়্যান্সের প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের জন্য এবার বিকল্প জায়গার সন্ধান শুরু করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, হরিপুরের সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা নতুন নয়। সেখানে প্রায় ২ হাজার একর জমি আগে থেকেই নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (NPCIL) অনুমোদিত প্রকল্পের জন্য চিহ্নিত ছিল। ২০০০-এর দশকের গোড়ায় রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় সেখানে ১,০০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা হয়েছিল। কিন্তু স্থানীয় মৎস্যজীবী ও বাসিন্দাদের দীর্ঘদিনের বিরোধিতার জেরে শেষ পর্যন্ত ২০১১ সালের অগস্টে তৎকালীন তৃণমূল সরকার সেই প্রকল্প বাতিল করে দেয়।

হরিপুরের পরিবর্তে পরে হলদিয়ার কাছে নয়াচরকে বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু হলদিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় সেখানে জমি নিয়ে নতুন করে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই রাজনৈতিক নেতৃত্ব এই প্রস্তাব থেকেও সরে এসেছে বলে সরকারি সূত্রের দাবি। ফলে দুই জায়গার কোনওটিই আপাতত প্রকল্পের জন্য চূড়ান্ত হচ্ছে না।

আরও পড়ুন: ন্যূনতম বেতন হতে পারে ৬৯,০০০, পেনশন বাড়বে ৫০%? নজরে অষ্টম পে কমিশন

অন্যদিকে, শিল্পের জন্য জমি জোগাড় করতে সরাসরি জমির মালিকদের কাছ থেকে জমি কেনা এবং ল্যান্ড পুলিং, দুই পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছে রাজ্য সরকার। তবে এখনও আনুষ্ঠানিক জমি নীতি প্রকাশ করা হয়নি। দেশের অধিকাংশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্জন এলাকায়, মূলত উপকূলবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। জমির পরিমাণ ও উপযুক্ত অবস্থানের সীমাবদ্ধতার কারণে পশ্চিমবঙ্গে এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ফলে বিপুল বিনিয়োগের সম্ভাবনা থাকলেও প্রকল্প বাস্তবায়নের পথে জমি ও স্থানীয় মানুষের সম্মতিই এখন বড় চ্যালেঞ্জ।

google button