শীতের রাতে মোজা পরে ঘুমানো কি আদৌ স্বাস্থ্যকর? জানুন বিস্তারিত

Published:

Sleep With Socks

প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপ কাটতেই উত্তুরে হাওয়ার দাপট ধীরে ধীরে বাড়ছে রাজ্য জুড়ে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে লেপ কম্বলের ব্যবহার বাড়বে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়, সারা শরীর কম্বলের ভিতরে থাকলেও পা যেন কিছুতেই গরম হতে চায় না। পায়ের পাতা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। অনেকেই তাই ঘুমানোর আগে মোজা (Sleep With Socks) পরে নেন। কিন্তু জানেন কি, রাতভর মোজা পরে (Wearing Socks At Night) ঘুমানো আদৌ স্বাস্থ্যের পক্ষে ভালো কি না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোজা পরে ঘুমালে কি ক্ষতি হতে পারে?

বিশেষজ্ঞদের মতে ঘুমোনোর সময় পা গরম থাকলে ঘুম নাকি তাড়াতাড়ি আসে। শীতকালে যেহেতু পা গরম থাকে সেক্ষেত্রে অনেকেই তাই তাড়াতাড়ি পা গরম করার জন্য মোজা পরে থাকে। কিন্তু গবেষণা বলছে, মোজা পরে ঘুমালে তাড়াতাড়ি ঘুম আসলেও এটি স্বাস্থ্যকর নয়। তাঁদের দাবি মোজা পরে থাকার উপর অনেক কিছু নির্ভর করে। যাঁদের রক্ত সঞ্চালনে সমস্যা আছে, তাঁদের হাতে-পায়ের আঙুল ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রে তাঁদের ক্ষেত্রে বরং মোজা পরলে উপকার। অন্যদিকে যাদের পায়ে ঘষা লাগা, চোট বা খোলা ক্ষত আছে, তাদের রাতে মোজা না পরাই ভাল।

মোজা পরিষ্কার রাখতে হবে

সাধারণত পরিষ্কার, শুকনো এবং আরামদায়ক মোজা পরে ঘুমালে কোনও সমস্যা হয় না। তবে ঘামে ভেজা বা অপরিষ্কার মোজা পরলে ত্বকে জ্বালা, চুলকানি কিংবা ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। অর্থাৎ যাঁদের পায়ে অতিরিক্ত ঘাম হয়, তাঁদের ক্ষেত্রে সারারাত মোজা পরে থাকা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়াও যারা গরম আবহাওয়ায় থাকেন তাদের মোজা পরা এড়িয়ে চলা উচিত। পাশাপাশি শোওয়ার আগে হাতে-পায়ে তেল মালিশ করলে শরীর আরও গরম হয়ে যায়। সেক্ষেত্রে মোজা পরার প্রয়োজন হয় না। অন্যদিকে আবার বেশি ভারী শীত পোশাক পরে ঘুমানো উচিত নয় এতে রক্তচাপ বাড়ার প্রবণতা থাকে।

আরও পড়ুন: জানেন, বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বাঁচেন?

চিকিৎসকরা জানাচ্ছেন রাতে মোজা পড়লে আবার কিছু সুবিধা থাকে। যার মধ্যে অন্যতম হল পায়ের গোড়ালির চামড়া ঠিক রাখা যায়। শীতকালে কম বেশি সকলেরই পায়ের গোড়ালি ফেটে যাওয়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। ঘুমানোর আগে তাই পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে পরিষ্কার সুতির মোজা পরলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হতে পারে। এবং পা হালকা গরম হয়ে গেলেই তাড়াতাড়ি ঘুম চলে আসে। তাই শীতের রাতে পরিস্থিতি বুঝে মোজা পড়ে ঘুমানো উচিত।

google button