সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি টু হুইলার বা ফোর হুইলার ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার দেশের গাড়ি ও বাইক ইন্স্যুরেন্স (Vehicle Insurance) সংক্রান্ত নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সড়ক পরিবহন মন্ত্রক বেশ কিছু প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়বে এবার ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে শুরু করে পেট্রোল পাম্পে জ্বালানি কেনার ক্ষেত্রেও। দেশের অধিকাংশ যানবাহনকে বৈধ বিমার আওতায় আনাই এখন সরকারের মূল লক্ষ্য।
ট্রাফিক আইন ভাঙলে গুনতে হবে বেশি প্রিমিয়াম
নতুন প্রস্তাব অনুযায়ী, এবার যানবাহন মালিকদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম তাদের বিগত এক বছরের ট্রাফিক আইন লঙ্ঘন রেকর্ডের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। অর্থাৎ, কোনও চালক যদি বারবার ট্রাফিক নিয়ম ভাঙেন, তাহলে ইন্স্যুরেন্স রিনিউ করার সময় তাকে অতিরিক্ত প্রিমিয়াম গুনতে হতে পারে। আবার অন্যদিকে যারা নিয়ম মেনে গাড়ি চালান তাদের উপর এর বাড়তি কোনও চাপ পড়বে না। কিন্তু হ্যাঁ, কোন ধরনের ট্রাফিক আইন ভাঙলে কতটা অতিরিক্ত প্রিমিয়াম ধার্য করা হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
এদিকে গ্রাহকদের সুবিধার্থে সরকার দীর্ঘমেয়াদী ইন্স্যুরেন্স পলিসি চালু করার বিষয়েও চিন্তাভাবনা করছে। এর আওতায় গাড়ির মালিকরা একবার প্রিমিয়াম দিয়ে একটানা ৪ বছরের ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন এবং টু হুইলার বা বাইকের ক্ষেত্রে তা ৬ বছরের বিকল্প দেওয়া হতে পারে। যার ফলে প্রতি বছর ইন্স্যুরেন্স রিনিউ করার ঝামেলা কমবে। এছাড়া ইলেকট্রিক ভেহিকেলসহ বেশ কিছু নির্দিষ্ট ক্যাটাগরির গাড়ির প্রিমিয়ামেও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন: RBI-র ৩ চালেই কাটল ১০০ পেরোনোর আশঙ্কা, ডলারের বিপরীতে রেকর্ড উত্থান ভারতীয় রুপির
বিমা না থাকলে মিলবে না পেট্রোল
তবে এই প্রস্তাবগুলির মধ্যে সবচেয়ে বড় বিষয় হল ‘নো ইন্স্যুরেন্স, নো ফুয়েল’ নিয়ম। সুপ্রিম কোর্টের সড়ক নিরাপত্তা কমিটির নির্দেশে সড়ক পরিবহন ও পেট্রোলিয়াম মন্ত্রক এই উদ্যোগের একটি পাইলট প্রজেক্ট শুরু করার নির্দেশ দিয়েছে বলেই খবর। প্রাথমিক পর্যায়ে হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পাঁচটি করে নির্বাচিত পেট্রোল পাম্পে এই ট্রায়াল শুরু হতে পারে। আর এই প্যাম্পগুলিতে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরা বসানো থাকবে, যা গাড়ির নম্বর প্লেট সরাসরি স্ক্যান করে বিমা বৈধ কিনা তা যাচাই করতে পারবে। যদিও আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ভবিষ্যতে গোটা দেশে তা কার্যকর করা হতে পারে।


