বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও জেল, ঘোষণা বাংলাদেশের ‘ফকির কমিটির’ সভাপতির

Published:

Viral Video Bangladesh

অনন্যা সরকার, কলকাতা: বাংলাদেশের ময়মনসিংহের ফুলপুর বাজারে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আনোয়ার নামের এক ব্যক্তি নিজেকে স্থানীয় একটি ‘ফকির কমিটি’র (Beggar’s Committee) সভাপতি হিসেবে পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট দিন ও সময় নির্ধারণ করে দিচ্ছেন। হাতে মেগাফোন স্পিকার নিয়ে ওই ব্যক্তিকে নির্দেশ দিতে দেখা যায় যে, কেবল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্তই ভিক্ষা করা যাবে। তিনি সতর্ক করে বলেন যে, এই নির্ধারিত সময়ের বাইরে কেউ ভিক্ষা করলে তাকে ১,৫০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে।

ভিক্ষাবৃত্তির জন্য সময় বেঁধে দিলেন বাংলাদেশের স্বঘোষিত ফকির কমিটির সভাপতি 

বুধবার (২৫ নভেম্বর) সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আনোয়ার নামের ওই প্রৌঢ় ব্যক্তিটি একটি হুইলচেয়ারে বসে মেগাফোন হাতে বাজারের লোকজনের উদ্দেশ্যে কথা বলছেন। নিজেকে ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে তিনি ঘোষণা করেন যে, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় আর কেউ ভিক্ষা করতে পারবে না। শুধু মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি ভিক্ষা করা যাবে। তিনি হুঁশিয়ারি দেন যে, যারা এই নিয়ম অমান্য করবে, তাদের ১,৫০০ টাকা জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে।

এই বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন আনোয়ার জানান যে, তাঁর বাড়ি নকলা উপজেলার জালালপুরে। তিনি দাবি করেন, নকলা থেকে ময়মনসিংহ পর্যন্ত এলাকা তাঁর নিয়ন্ত্রণাধীন ‘এলাকা’ এবং এর মধ্যে শেরপুর ও বকশীগঞ্জও পড়ে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। কেউ কেউ এই ঘটনাটিকে বাজারে শৃঙ্খলা বজায় রাখার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন যে, কোনো স্থানীয় কমিটির জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো আইনি ক্ষমতা রয়েছে কি না।

আরও পড়ুন: টিফিনের টাকা বাঁচিয়ে অভুক্তদের খাবার, পাঁশকুড়ায় মানবিকতার নজির গড়ছে ‘অন্নপূর্ণার সংসার’

ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন মো. আল আমিন নামের এক ব্যক্তি। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন যে, এই বিষয়টি এখনো তাঁর নজরে আসেনি, তবে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। বর্তমানে আনোয়ারের প্রকৃত পরিচয় কী, আদৌ এরকম কোনো ফকির কমিটির অস্তিত্ব আছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

google button