বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীর ব্যাটের জোরে রাইজিং স্টারস এশিয়া কাপের (Asia Cup Rising Stars) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আসলে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জিততেই হতো টিম ইন্ডিয়াকে। 52 বলে ডবল সেঞ্চুরি করে ভারতের সেই জয়টা সহজ করে দিয়েছিলেন বিহারের কিশোর। সেই সূত্র ধরেই এবার শেষ চারের লড়াইয়ে নামতে চলেছে তারা। অন্যদিকে আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল পাকিস্তান। এখন প্রশ্ন এই দুই দল কবে, কাদের মুখোমুখি (India Vs Pakistan) হবে?
সেমিফাইনালে ভারত এবং পাকিস্তানের প্রতিপক্ষ কারা?
চলতি টুর্নামেন্টের বি গ্রুপে রয়েছে ভারত। ফলে, টিম ইন্ডিয়া সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে এ গ্রুপের শ্রীলঙ্কা এ দলের। একইভাবে বি গ্রুপের পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে এ গ্রুপের বাংলাদেশের। এর মধ্যে প্রথম সেমিফাইনালিটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ 26 নভেম্বর, বৃহস্পতিবার। কাতারের দোহায় ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটের সময় শুরু হবে এই ম্যাচ। এই আসরে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা।
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ, হংকং এবং আফগানিস্তান দলকে হারিয়েছে শ্রীলঙ্কা। সেই সূত্রেই তালিকায় 6 পয়েন্ট নিয়ে প্রথমস্থান অধিকার করেছে লঙ্কান বাহিনী। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ এ দল মুখোমুখি হবে পাকিস্তানের। এশিয়ার এই দুই প্রতিবেশীর শেষ চারের লড়াই শুরু হবে ভারতের ম্যাচের একদিন পর অর্থাৎ 27 নভেম্বর। ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেতে কাতারের দোহায় হবে খেলা।
আরও পড়ুন: টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এলেন বুমরাহ, সেঞ্চুরি করে ভারতীয় ব্যটারদের মধ্যে শীর্ষে পন্থ
ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাবনা
নির্ধারিত সূচি অনুযায়ী, রাইজিং স্টারস এশিয়া কাপের মঞ্চে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী 29 নভেম্বর। ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা। কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে ভারত এবং পাকিস্তানের। সেক্ষেত্রে দুই দল যদি আসন্ন সেমিফাইনালে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দল দুটিকে হারিয়ে দিতে পারে সে ক্ষেত্রে ফাইনালের মঞ্চে ফের একে অপরের মুখ দেখবে তারা। সেক্ষেত্রে ভারতের কাছে সুযোগ থাকবে গত ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার।


