ট্রেন লেট করায় মিস হয় ফ্লাইট, দম্পতিকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণ রেলের

Published:

rail

আনিষা চৌধুরী, কলকাতা: একটি ট্রেনের কয়েক ঘণ্টার দেরি যে যাত্রীদের কতটা বড় আর্থিক বিপদের মুখে ফেলতে পারে, তারই নজির উঠে এল জম্মুর এক দম্পতির ঘটনায়। ট্রেনের জন্য নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় হাতছাড়া হয়েছিল তাঁদের বিমানের যাত্রা। এরপর নতুন করে বিমানের টিকিট কাটা থেকে শুরু করে হোটেলে থাকার খরচ, সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত সেই ভোগান্তির জন্য রেলকেই (Railway) দিতে হচ্ছে জবাব। এক ধাক্কায় ৬৩ হাজার ১৯৯ টাকা ক্ষতিপূরণ (Compensation) দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা কমিশন (Consumer Disputes Redressal Commission)।

দম্পতিকে ক্ষতিপূরণ দেবে রেল!

ঘটনাটি জম্মুর বাসিন্দা মোহিত সিং ভাউ এবং তাঁর স্ত্রী দামিনী বিলোরিয়ার। ২০২২ সালের ১৯ ডিসেম্বর জম্মু থেকে দিল্লি যাওয়ার জন্য দিল্লি দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলেন তাঁরা। পরের দিন ভোর ৩টে ৫৫ মিনিটে ট্রেনটির দিল্লি পৌঁছনোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পরে সকাল ৭টা ৫০ মিনিটে দিল্লি পৌঁছয় ট্রেনটি। অথচ ওই দিন সকাল ৭টা ১৫ মিনিটেই দিল্লি থেকে গুয়াহাটিগামী বিমান ছাড়ার কথা ছিল তাঁদের। ফলে ট্রেন পৌঁছনোর আগেই বিমান ছেড়ে চলে যায়।

বিমান ধরতে না পেরে নতুন করে টিকিট কাটতে বাধ্য হন ওই দম্পতি। এর জন্য তাঁদের খরচ হয় ৩৫ হাজার ৬৯৯ টাকা। পাশাপাশি দিল্লিতে হোটেলে থাকার জন্য আরও ২ হাজার ৫০০ টাকা খরচ করতে হয়। অর্থাৎ ট্রেনের দেরির কারণে অতিরিক্ত ৩৮ হাজার ১৯৯ টাকা গুনতে হয়েছিল তাঁদের। এই আর্থিক ক্ষতি, মানসিক হয়রানি এবং আইনি লড়াইয়ের খরচের ক্ষতিপূরণ চেয়ে জম্মু জেলা ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন তাঁরা।

অন্যদিকে, রেলের তরফে দাবি করা হয়, ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে দেরি হয়েছিল। সেই যুক্তিতে দায় এড়ানোর চেষ্টা করে উত্তর রেলওয়ে। তবে কমিশনের পর্যবেক্ষণ, ট্রেন দেরির কারণ হিসেবে কুয়াশার কথা বলা হলেও তার সপক্ষে কোনও যথাযথ প্রমাণ জমা দিতে পারেনি রেল। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাবও জমা দেওয়া হয়নি। ফলে রেলের এই যুক্তি গ্রহণ করেনি কমিশন।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পিএসসি

সব দিক খতিয়ে দেখে ৪ নভেম্বর জম্মু জেলা ক্রেতা সুরক্ষা কমিশন উত্তর রেলওয়েকে মোট ৬৩ হাজার ১৯৯ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এর মধ্যে নতুন বিমানের টিকিট ও হোটেলের খরচ বাবদ ৩৮ হাজার ১৯৯ টাকার উপর বার্ষিক ৭.৫ শতাংশ সুদ দিতে হবে। পাশাপাশি মানসিক হয়রানি ও অসুবিধার জন্য ২০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ আরও ৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে এই টাকা মেটাতে হবে।

google button