সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আরও বিপাকে পড়লেন মমতা তৃণমূলের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস (Paresh Ram Das)। এমনিতেই ধর্ষণের অভিযোগে জেলবন্দি রয়েছেন তিনি। তবে এবার তাঁর বিরুদ্ধে উঠল গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পরেশরামসহ মোট ৮ জনের বিরুদ্ধে ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। এমনকি তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ পর্যন্ত রয়েছে। ফলে তৃণমূল বিধায়কের চিন্তা যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।
এবার গণধর্ষণের অভিযোগ পরেশরাম দাসের বিরুদ্ধে
নির্যাতিতার অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের সময় গণধর্ষণের চেষ্টা করেন পরেশরাম দাস এবং তাঁর অনুগামীরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ওই মহিলা প্রার্থী হতে চেয়েছিলেন। তবে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁকে মারধর করা হয়। এমনকি পরবর্তী সময়ে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। আর এই ঘটনায় পরেশরামের পাশাপাশি তাঁর বেশ কয়েকজন অনুগামী যুক্ত রয়েছেন। প্রত্যেকের বিরুদ্ধেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।
এর আগে ধর্ষণের মামলায় ৯ নভেম্বর কলকাতা বিমানবন্দর থেকে তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়। সেই সময় তাঁর কাছ থেকে মোট ২ লক্ষ টাকা এবং ৬টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। উদ্ধার হওয়া ওই ফোনগুলি পরবর্তী সময়ে পরীক্ষাও করে দেখা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে মূল অভিযুক্ত তিনি। এছাড়া অস্ত্র আইন এবং খুনের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পিএসসি
পরেশরাম দাসকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে শুধুমাত্র ধর্ষণের মামলা নয়, বরং আরও ৩২টি মামলা রয়েছে। এমনকি গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এ বিষয়ে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “পরেশরাম দাসের গ্রেফতারির টাইমিং থেকে প্রশ্ন থাকছে। যতদিন উনি ঋতব্রত তৃণমূলে ছিলেন, তখন পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। উনি সম্প্রতি মমতাদির শিবিরে ফিরতে চেয়েছিলেন। তখনই পুলিশ বলছে পালাতে চেয়েছিল, ধরতে হবে ইত্যাদি।”


