বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রেকর্ড মূল্যে দল পেয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এবার সেই মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই সরে দাঁড়ালেন। ক্রিকইনফোর তরফে প্রকাশিত IPL এর মিনি নিলামের জন্য নাম লেখানো প্লেয়ারদের তালিকায় নেই মুস্তাফিজ।
বদলা নিলেন মুস্তাফিজুর?
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে মুস্তাফিজুর রহমানকে নিয়ে নানান আলোচনা শুরু হয়েছিল। বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান ওঠার পরই অনেকেই দাবি জানিয়েছিলেন, এই বাংলাদেশি খেলোয়াড় ছেড়ে দেওয়ার। শেষ পর্যন্ত বোর্ড নির্দেশ দিতেই বাংলাদেশের প্লেয়ারকে ছেড়ে দেয় শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যার জল গড়িয়েছিল বহুদূর। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছিল বাংলাদেশ। ফলে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছিল ওপার বাংলার টাইগারদের।
এদিকে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর অনেকেই মনে করছিলেন, এবারের মিনি নিলামে দল পেতে পারেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2027 মরসুমে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ওপার বাংলার খেলোয়াড়। অনেকেই মনে করছেন, গত IPL সিজন শুরু হওয়ার আগে তাঁকে বাদ দিয়ে দেওয়ায় ভারতের কাছ থেকে বদলা নিলেন মুস্তাফিজুর! যদিও এ নিয়ে মুখ খোলেননি ওপার বাংলার ক্রিকেটার।
আরও পড়ুন: IPL-এ সেহবাগের ছেলে নাম লেখাতেই সরে দাঁড়ালেন দ্রাবিড় পুত্র, নেপথ্যে রেষারেষি?
প্রসঙ্গত, IPL 2027 এর নিলামের জন্য ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান,পারভেজ হোসেন, মো রুবেল, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, এবং তাসকিন আহমেদ। তবে জল্পনা বাড়লেও IPL 2027 এ দেখা যাবে না বাংলাদেশের নাহিদ রানাকে।


