সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগের সরকারের আমলে দীর্ঘ ৬ বছর ধরে আটকে থাকা ইন্টারেস্ট সাবভেনশনের ২৫০ টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। জানা গিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। এমনকি উপকৃত হবেন মোট ৬ লক্ষ মহিলা। ১৫০ কোটি টাকা মেটানোর পর বাকি ১০০ কোটি মেটানো হবে এই সময়সীমার মধ্যেই।
৩১ ডিসেম্বরের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা অঙ্কের টাকা
জানিয়ে রাখি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যবসার জন্য ব্যাংক থেকে যে ঋণ নেন, তার সুদের ওপর সরকার নির্দিষ্ট হারে ভর্তুকি দিয়ে থাকে। এই অর্থকেই ইন্টারেস্ট সাবভেনশন বা সুদের ওপর ভর্তুকি বলা হয়। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ১৫০ কোটি টাকা সরাসরি ট্রান্সফার হয়েছে বলে খবর। তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তথ্য ভেরিফিকেশন শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা।
আগের সরকারের আমলে একাধিক সরকারি প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। যার মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্প অন্যতম। গত ৬ বছর ধরেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই সুদে ভর্তুকির প্রায় ২৫০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে খবর। এবার তাদের সেই বকেয়া মেটানোর জন্যই বড় উদ্যোগ রাজ্যের।
এদিকে এই বকেয়া মেটানোর পাশাপাশি রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করতে আরও বড় কর্মসংস্থানের পরিকল্পনার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে ৩০০টি মাইক্রো প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। আর এগুলি গ্রামীণ ও শহর এলাকায় মহিলাদের ক্ষুদ্র, কুটির শিল্প ও স্থানীয় পণ্য উৎপাদন, হস্তশিল্পসহ একাধিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেবে এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এই উদ্যোগকে আরও প্রশস্ত করা হবে। এছাড়া নিউটাউনে অনুষ্ঠিত গৌরী মেলার মাধ্যমে মহিলাদের দ্বারা উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাতকরণ করা হচ্ছে বলেও খবর।


