বিক্রম ব্যানার্জী, কলকাতা: লড়াই করে যোগ্যতা প্রমাণ করতে অভ্যস্ত ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই মতোই, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে তারা। মঙ্গলবার, যুবভারতী স্টেডিয়ামে জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে একমাত্র গোলটি করেছিলেন জিকসন সিং। তাতেই জয়ের খাতায় নাম লিখিয়ে নিয়েছিল লাল হলুদ। আর এই সাফল্যের পর ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ জয়ের নজির গড়েছে ইস্টবেঙ্গল এফসি। তবে আল সিব আল শোর্তার বিরুদ্ধে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করতেই এগিয়ে যাওয়ার অঙ্ক খানিকটা কঠিন হয়েছে শহরের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলের জন্য।
শেষ ম্যাচ জেতার সাথে সাথে তাকিয়ে থাকতে হবে আল সিব ম্যাচের দিকেও
চোটের কারণে আনোয়ার আলি, এডমুন্ডকে গতকাল পায়নি ইস্টবঙ্গল। সেজন্য অবশ্য আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন লাল হলুদের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁদের ছাড়াই আত্মবিশ্বাসের সাথে মাঠে নামার কথা সোমবার জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই মতোই গতকালের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে ময়দান দখল করেছিল ইস্টবেঙ্গল। তবে ম্যাচের শুরু থেকে চেষ্টা করেও একটা দীর্ঘ সময় গোল করে উঠতে পারছিল না লাল হলুদ। বড় সুযোগ এলো সেই 87 মিনিটে।
এদিন, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কর্নার পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়ে যান জিকসন। সেই সুযোগ হাতছাড়া করেননি ইস্টবেঙ্গল ফুটবলার। গোল করে গোটা মুহূর্তটাকে সাফল্যে রূপান্তরিত করেন তিনি। আর ওই এক গোলেই ম্যাচ জেতার সাথে সাথে দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ জেতার নজির গড়েছে লাল হলুদ।
আরও পড়ুন: ভরসা করে রিটেইন করেছে KKR, আইপিএলের আগে অবসর নিতে পারেন সেই প্লেয়ার
প্রসঙ্গত, এই জয়ের মধ্যে দিয়ে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে চার ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল আল শোর্তা। দুই নম্বরে উঠে এসেছে আল সিব। অন্যদিকে তিন নম্বরে থাকা আল হুসেইন চলে গিয়েছে চতুর্থ স্থানে। যে কথা না বললেই নয়, গ্রুপ পর্ব থেকে মাত্র দুটি দল পরের পর্বে যাবে। স্বাভাবিকভাবেই এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের আশা অনেকটাই বেড়েছে ঠিকই তবে আল সিব 2-0 ব্যবধানে শোর্তার বিরুদ্ধে জয় হাসিল করতেই খানিকটা চাপে পড়ে গেল লাল হলুদ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ জেতার সাথে সাথে আল সিবের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে ময়দান প্রধানকে।


