অনন্যা সরকার, কলকাতা: আধার কার্ড দেশের নাগরিকদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন কাজে, বিশেষত সরকারি প্রকল্পের ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে আধারের ব্যাপক গুরুত্ব রয়েছে। তাই আধারের তথ্য আপডেট রাখা ভীষণভাবে জরুরি। আধার সংক্রান্ত কাজের জন্য এখন আর সবাইকে আধার কেন্দ্রে যেতে হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর আধার হোম সার্ভিসের (Aadhaar Home Service) মাধ্যমে যোগ্য ব্যক্তিরা বাড়িতে বসেই নতুন আধার কার্ড তৈরি করতে পারেন বা বিদ্যমান তথ্যে পরিবর্তন আনতে পারেন। তবে, এই সুবিধা সবার জন্য উপলব্ধ নয়। কারা পাবেন সুবিধাটি, আসুন জেনে নেওয়া যাক।
কারা এই হোম সার্ভিসের জন্য যোগ্য?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, এই পরিষেবাটি মূলত শয্যাশায়ী বা অসুস্থ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে। এর জন্য ইউআইডিএআই-এর আঞ্চলিক কার্যালয় থেকে আগে থেকে অনুমতি নিতে হয়। আবেদনকারীদের বয়সের প্রমাণপত্র, রেজিস্টার্ড চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট অথবা বিশেষভাবে সক্ষম হওয়ার পরিচয়পত্র জমা দিতে হতে পারে।
এই হোম সার্ভিসের জন্য নির্ধারিত ফি হলো ৭০০ টাকা (জিএসটি সহ)। এটি আধার এনরোলমেন্ট বা তথ্য আপডেটের সাধারণ ফি নয় বরং বাড়িতে পরিষেবা পাওয়ার জন্য এটি একটি আলাদা চার্জ। এছাড়া, বায়োমেট্রিকসহ অন্যান্য তথ্য আপডেটের ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ ফি আলাদাভাবে দিতে হতে পারে। প্রয়াগরাজের ডাক বিভাগ (India Post) বাড়িতে গিয়ে আধার সংক্রান্ত পরিষেবা প্রদান করে। বুকিং করার পর, সংশ্লিষ্ট এলাকার একজন ডাককর্মী আবেদনকারীর বাড়িতে গিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন। প্রয়োজন অনুযায়ী অন্যান্য নির্বাচিত অঞ্চলের ডাক বিভাগ এই পরিষেবা দিয়ে থাকে।
আরও পড়ুন: বাসে এই ভুল করলেই লক হয়ে যাবে আধার কার্ড! বড় ঘোষণা পরিবহনমন্ত্রীর
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB)-এর মাধ্যমে একজন ডাককর্মী বা গ্রামীণ ডাক সেবক বাড়িতে এসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা বা আপডেটের কাজটি সম্পন্ন করতে পারেন। এই পরিষেবার জন্য ৭৫ টাকা ফি নেওয়া হয়। বর্তমানে কেবল নির্দিষ্ট কিছু পোস্ট অফিসেই এই সুবিধা পাওয়া যাচ্ছে।
আধার কেন্দ্রে নতুন আধার কার্ডের জন্য এনরোলমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর বা ইমেল ঠিকানার মতো তথ্য আপডেট করার জন্য ৭৫ টাকা ফি দিতে হয়। এছাড়া বায়োমেট্রিক তথ্য, যেমন – আঙুলের ছাপ, চোখের মণির স্ক্যান এবং ছবি আপডেট করার জন্য ১২৫ টাকা ফি দিতে হয়।
এছাড়া, পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার এনরোলমেন্টের সুবিধা নির্দিষ্ট কিছু পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসেই নেওয়া যেতে পারে। এই পরিষেবার জন্য কোনো ফি দিতে হয় না। শিশুর ছবি ও প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি, তার বাবা-মায়ের পরিচয় এবং বায়োমেট্রিক তথ্যও যাচাই করা হয়। তবে আবেদনের আগে নিকটস্থ পোস্ট অফিস বা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে এই পরিষেবাটি উপলব্ধ কি না এবং এ সংক্রান্ত ফি-র পরিমাণ কত, তা জেনে নেওয়া শ্রেয়।


