আনিষা চৌধুরী, কলকাতা: কম খরচে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে সাধারণ মানুষের অন্যতম ভরসা বাস। বিশেষ করে মধ্যবিত্তের কাছে সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনোর জন্য বাস পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার বাসের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পরিবহণ দফতর। বিশেষত অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আনা হয়েছে। কী কারণে এই সিদ্ধান্ত এবং কী কী বদল হচ্ছে, তা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ (Arjun Singh)।
কী ঠিক করেছে পরিবহণ দফতর?
পরিবহণমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে সরকারি বাসের মোট টিকিটের মাত্র ৩০ শতাংশ অনলাইনে বুক করা যাবে। বাকি ৭০ শতাংশ টিকিটের জন্য যাত্রীদের অফলাইন পদ্ধতির উপর নির্ভর করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট বাসের ডিপো বা নির্দিষ্ট কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে হবে। মূলত অনলাইন বুকিংয়ের উপর নির্ভরতা কমিয়ে টিকিট বণ্টন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত।
কিন্তু হঠাৎ কেন এই বিধিনিষেধ?
পরিবহণ দফতরের অভিযোগ, বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা পাওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে অনলাইনে একাধিক টিকিট বুক করা হচ্ছে। অথচ টিকিট বুক করার পর সংশ্লিষ্ট যাত্রীরা অনেকেই আর বাসে উঠছেন না। ফলে অনলাইনে বাসের আসন বুক করা থাকায় প্রয়োজন থাকা সত্ত্বেও অন্য যাত্রীরা টিকিট পাচ্ছেন না। বিশেষ করে যাঁদের সত্যিই যাত্রার প্রয়োজন, তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি বাসের আসন ফাঁকা থেকে যাওয়া এবং টিকিট বুকিংয়ের এই অনিয়মের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছে পরিবহণ দফতরও বলে দাবি মন্ত্রীর।
এবার এই ধরনের ঘটনা আটকাতে আধার কার্ডের ব্যবহার নিয়েও কড়া নিয়মের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী। একই আধার কার্ড ব্যবহার করে পরপর তিনবারের বেশি টিকিট বুক করা হলে সংশ্লিষ্ট আধার কার্ডটি ছয় মাসের জন্য লক করে দেওয়া হতে পারে। বারবার টিকিট বুক করে বাসে না ওঠার প্রবণতা বন্ধ করা এবং বুকিং ব্যবস্থার অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। মন্ত্রীর দাবি, গত ছয় মাসে এই ধরনের ঘটনায় দফতরের আর্থিক ক্ষতি হয়েছে। তবে কড়াকড়ি চালুর পর দফতরের ১৮ শতাংশ লাভ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পরিষেবা, ভাতা বৃদ্ধি, রাজ্যের নাম বদল! শীতকালীন অধিবেশনে একাধিক বিল আনছে সরকার
অন্যদিকে, বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়েও আলোচনা শুরু হয়েছে। বাসমালিকদের তরফে ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বাস চালানোর খরচ বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। তবে এই প্রস্তাব নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।


