মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই গায়েব অভিমান, ফের রাজনীতিতে হুমায়ুন কবীর

Published:

Humayun Kabir

আনিষা চৌধুরী, কলকাতা: মাঝে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেও নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। আম জনতা উন্নয়ন পার্টি (Aam Janata Unnayan Party)-র প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজের দলের টিকিটে নওদা ও রেজিনগর, দুটি আসন থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন। পরে রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এবার ফের সক্রিয় রাজনীতিতে থাকার ইচ্ছা প্রকাশ করলেন এই নেতা। কার্যত ৩৬০ ডিগ্রি ঘুরে গেল তাঁর অবস্থান।

কী বললেন হুমায়ুন কবীর?

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেখানে তিনি যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর জানান, “অধিবেশনে নিশ্চয়ই যোগ দেব। হ্যাঁ, বলেছিলাম বিধানসভায় আসব না। কিন্তু বর্তমানে মুর্শিদাবাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তো আর রাজনীতির ময়দান ছেড়ে চলে যাওয়া যায় না। তাছাড়া আমাদের পার্টির যেমন আকৃতি, সেটাকে ধরে রাখতে গেলে আর মানুষকে পরিষেবা দিতে গেলে পলিটিক্সের মধ্যে থাকতে হবে। এই দুই মাসে যে ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো আমি ভালোভাবে দেখিনি। আমার অভিমান হয়েছিল, তাই আমি বলেছিলাম। সেটা অনেকটাই কাটিয়ে উঠেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং সন্তোষজনক কথাই হয়েছে।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক কথোপকথন হুমায়ুনের অবস্থান বদলের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কী কী কথাবার্তা হয়েছে, সেটা তিনি বলতে পারবেন না তবে এটুকু স্পষ্ট করেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সন্তোষজনক আলোচনাই হয়েছে। গত কয়েক মাসের রাজনৈতিক ঘটনাপ্রবাহে যে অভিমান তৈরি হয়েছিল, তা অনেকটাই মিটেছে। পাশাপাশি মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি এবং নিজের দলের সাংগঠনিক অস্তিত্ব ধরে রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। তাই বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন।

এর আগে গত ৭ অক্টোবর রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে পুলিশের সঙ্গে বচসা ও সংঘর্ষের ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন হুমায়ুন কবীর। পরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই সময়ই সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। এমনকি নওদার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পুলিশের হাতে হেনস্থার অভিযোগ তুলে রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশার কথাও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: সৌরভের বিদেশ যাত্রা নিয়ে মোদীর বিরুদ্ধে নেপালের প্রধানমন্ত্রীকে নালিশ মহুয়ার

অন্যদিকে, সম্প্রতি জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়েও নিজের মতামত জানিয়েছিলেন হুমায়ুন। তাঁর বক্তব্য ছিল, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার ক্ষমতা একমাত্র কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রয়েছে। মমতা ব্যানার্জির পক্ষে সেই দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ২০২৯ সালের নির্বাচনের সময় মমতার বয়স ৭৩ বছর হবে, ফলে বিরোধী জোটের মুখ হওয়ার ক্ষেত্রে বয়সও বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও দাবি করেছিলেন হুমায়ুন। বিরোধী দলগুলিকে রাহুল গান্ধীর হাত শক্ত করার আহ্বান জানিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা।

google button