বিজেপির বুথ সভাপতির সাথে হোটেলে গেলেই মিলবে অন্নপূর্ণার টাকা! বিস্ফোরক অভিযোগ দিনহাটায়

Published:

annapurna blackmail

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর ২০২৬ সালে চালু হয় অন্নপূর্ণা যোজনা। মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে এই সরকারি প্রকল্প। এই প্রকল্পের (Annapurna Yojana) সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেই এবার এক গৃহবধূকে হোটেলে যাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির (Bhartiya Janata Party) এক বুথ সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, প্রায় চার মাস ধরে ওই মহিলাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হত। এমনকি রাজি না হলে স্বামী ও সন্তানকে খুনের হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত ক্যামেরার সামনেই ওই নেতার বিরুদ্ধে মুখ খুললেন শাশুড়ি ও বৌমা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের সিতাই বিধানসভার অন্তর্গত দিনহাটা ১ নম্বর ব্লকের বোয়ালমারিতে।

কী অভিযোগ ওই মহিলার?

অভিযুক্তের নাম প্রশান্ত মণ্ডল। তিনি ওই বিধানসভার ২২৪ নম্বর বুথের সভাপতি। অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সরকারি সুবিধা পাওয়ার আশায় ওই এলাকার এক মহিলা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। সেই সংক্রান্ত সাহায্য চাইতে বুথ সভাপতির কাছে গেলে তাঁকে হোটেলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। শহরের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। মহিলা রাজি না হওয়ায় প্রথমে তাঁর স্বামী ও সন্তানকে খুনের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওই মহিলার নামে গ্রামে নানা কুৎসা রটানো হয় বলেও অভিযোগ।

এই বিষয়ে গৃহবধূর দাবি, “অন্নপূর্ণার ফর্ম জমা দেওয়ার পর থেকেই শুরু হয় এসব। আমাকে নানা রকম ভাবে ব্ল্যাকমেল করতে থাকে। ওর সঙ্গে নাকি আমায় হোটেলে যেতে হবে, আমাকে নিয়ে ব্যবসা করাবে। ও আমাকে জোর জবরদস্তি নিয়ে গেছে। আমি যেতে চাইতাম না। আমার স্বামী সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়েছে।”

ঘটনা জানাজানি হতেই সোমবার অভিযুক্ত বুথ সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। সেখানে উপস্থিত ছিলেন এলাকার মহিলা সমিতির সদস্যরাও। তবে বিক্ষোভের সময় বাড়িতে ছিলেন না প্রশান্ত মণ্ডল। তাঁর ফোনও সুইচ অফ ছিল বলে অভিযোগ। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীরা। মহিলা সমিতির এক সদস্যের কথায়, “বুথ সভাপতিকে পাইনি, তাই ওর স্ত্রীকে সবটা বলেছি। ওর স্ত্রী বলেছে সন্ধে সাতটার সময় ওকে নিয়ে আসবে।”

আরও পড়ুন: ‘হাতকড়া পরেই ভারত থেকে বাংলাদেশে যাবেন শেখ হাসিনা’ বড় ঘোষণা

সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় আবেদন করা কোনও মহিলাকে যদি সেই সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে হেনস্থার শিকার হতে হয়, তা অত্যন্ত উদ্বেগজনক। অন্নপূর্ণা যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা মহিলাদের ভয় দেখানোর অভিযোগ শুধু নিন্দনীয়ই নয়, বরং এটি সরকারি প্রকল্পের উদ্দেশ্যকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। এলাকাবাসীর দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

google button