সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি সরকার আসার পর আগে চালু থাকা একাধিক স্কিম নতুনভাবে শুরু করেছে। এমনকি নতুন একাধিক প্রকল্প চালু করেছে। তবে আগামী ডিসেম্বর মাস থেকেই চালু হবে বাংলার উদ্যম ক্রেডিট কার্ড (Udyam Credit Card) স্কিমে আবেদন। জানা গিয়েছে, এই কার্ডের আওতায় বিনা সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে ব্যাংক। এর জন্য জেলাস্তর এবং মহকুমা স্তরে মনিটরি কমিটি গঠন করা হয়েছে। তবে কীভাবে এই লোন মিলবে, আর কারা এই স্কিমের সুবিধা পাবেন তা জানুন।
উদ্যম ক্রেডিট কার্ড স্কিমে লোনের সুবিধা
জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাস থেকে পূর্ব মেদিনীপুর জেলায় এই কার্ডের জন্য আবেদন শুরু হবে। কোনও গ্যারান্টার ছাড়াই এই স্কিমে বিনা সুদে ১০ লক্ষ টাকা লোন মিলবে। সুদের সিংহভাগ বহন করবে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্ত পূরণ করলেই মিলবে সুবিধা। এখনও পর্যন্ত যা খবর, পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬০৫ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
জেলা শিল্পকেন্দ্র সূত্রে খবর, এই স্কিম দুটি ক্যাটাগরির। একটি হল ট্র্যাক ওয়ান এবং আরেকটি ট্র্যাক টু। যারা নতুনভাবে আবেদন করছেন, তাদের জন্য ট্র্যাক ওয়ান ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে—
- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর ভোটার তালিকায় নাম থাকতে হবে।
- পরিবারের একজন সদস্য শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন।
- ব্যাংক ডিফল্টার হওয়া চলবে না এবং উদ্যম রেজিস্ট্রেশন থাকতে হবে।
- এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রামে ৬ দিনের প্রশিক্ষণ থাকতে হবে।
তবে হ্যাঁ, এই ক্যাটাগরিতে ৫০,০০০ টাকা ঋণের জন্য আবেদন করা যাবে। এর এক-চতুর্থাংশ অর্থাৎ সাড়ে ১২ হাজার টাকা মিলবে ভর্তুকি। কোনও রকম সুদ প্রদান করতে হবে না। তবে যাদের মোটা অঙ্কের টাকা দরকার, তারা এক বছরের মধ্যে এই টাকা পরিশোধ করলেই ট্র্যাক টু-তে সুবিধা নিতে পারবেন, যেখানে ১০ লক্ষ টাকা লোনের সুবিধা মিলবে এবং পাওয়া যাবে এক-চতুর্থাংশ ভর্তুকি।
আরও পড়ুন: LPG, SBI কার্ড থেকে RBI-র সুদের হার, ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম!
যেমনটা খবর, ট্র্যাক টু-তে আবেদন করার জন্য আবেদনকারীর ব্যবসা কিংবা কোনও প্রজেক্ট থাকতে হবে এবং তার রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ডিপিআর তৈরি করে জমা দিতে হবে এবং সেটি মূল্যায়ন করা হবে। তবে এখানে কোনও রকম সিকিউরিটি ডিপোজিট লাগবে না। ট্র্যাক ওয়ানের নির্ধারিত ঋণ সময়ের মধ্যে শোধ করলেই পাওয়া যাবে সুবিধা।


