মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেই হল কাজ, সাগরদিঘিতে গরু জবাই করতে গিয়ে গ্রেফতার ৪

Published:

Sagardighi

আনিষা চৌধুরী, কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযানে নামল পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে (Sagardighi) গরু (Cow) জবাইয়ের সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। মঙ্গলবার ভোররাতে শেখদিঘির হাজিপুর এলাকায় এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মুখ্যমন্ত্রীর বারণ অমান্য করে ফের গরু হত্যা

সোমবার রাজ্যে পশু জবাই এবং গবাদি পশু পাচার নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে কোনওভাবেই গোমাতাকে হত্যা করতে দেওয়া হবে না। তাঁর কথায়, “যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন, এ রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না। আইন থাকার পরেও ‘লুকিয়ে চুরিয়ে’ এই কাজ চলছে। কিন্তু সেই সব বন্ধ করা হবে। গোমাতাকে কাটতে দেওয়া হবে না।” পাশাপাশি বেআইনি কার্যকলাপ বন্ধ করতে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ এবং নতুন বিল আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুর্শিদাবাদ জেলা জুড়ে নজরদারি ও বিশেষ অভিযান শুরু করে পুলিশ প্রশাসন। মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় হানা দেয়। সেখানে গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে পশু জবাই করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জবাইয়ের সময়ই চারজনকে ধরে ফেলে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নজফুল হক, হেসাবউদ্দিন শেখ, কিতাবুল শেখ এবং শামসুল হক। চারজনই সাগরদিঘি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: মিলবে উন্নত মানের চিকিৎসা, দুর্গাপুরে হবে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল

অন্যদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রায় ৭০ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সেই মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই এই অভিযান এবং চারজনের গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে চর্চা।

google button