বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে রাইজিং স্টারস এশিয়া কাপ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হয়েছে ভারত (Team India)। আর সেই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে নিজের দল UAE-র হয়ে ব্যাট হাতে নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড়। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নেমে একেবারে সেঞ্চুরি করলেন হরপ্রীত সিং (Harpreet Singh Bhatia)। তিলক বর্মাদের এক প্রকার পিটিয়ে ছাতু করে দলের স্কোরবোর্ডে সংখ্যা বাড়িয়ে গিয়েছেন তিনি। বিদেশের মাটিতে ভারতের হয়ে ভারতীয়র এমন লড়াই চমকে দিয়েছে ক্রিকেট প্রেমীদের।
ভারতের জন্মগ্রহণকারীর লড়াই ভারতের বিরুদ্ধেই
পাকিস্তানের কাছে গত ম্যাচে হারের পর সেমিফাইনালে ওঠার লড়াই খানিকটা কঠিন হয়েছে ভারতের। তবে টিম ইন্ডিয়ার কাছে সুযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে শেষ চারের লড়াইয়ে পৌঁছে যাওয়ার। তবে সেই পথটা কঠিন করে দিচ্ছেন ছত্তিশগড়ে জন্মগ্রহণকারী হরপ্রীত সিং। এদিন, শুরুতে ক্রমাগত উইকেট হারানোর পর দলের হাল ধরেন হরপ্রীত। ব্যাট হাতে ভারতের বোলারদের একের পর এক বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে এদিন সেঞ্চুরি করেন তিনি।
বলাই বাহুল্য, একের পর এক চার এবং ছয়ে 100 রান করার পরেও থেমে নেই হরপ্রীত। বরং ভারতীয় বোলারদের চিন্তা বাড়িয়ে ক্রমশ রান করে চলেছেন তিনি। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 137 বলে 11টি চার ও 3টি ছয় সহযোগে 117 রানের নিজের অনবদ্য ইনিংস গুছিয়ে নিয়েছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়। তাঁকে ব্যাট হাতে সঙ্গ দিচ্ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক বাসিল হামিদ। সবমিলিয়ে ভারতের বিপক্ষে মঙ্গলবার, ভারতীয় বংশোদ্ভুতের ব্যাটে খেলা দেখাচ্ছেন হরপ্রীত।
আরও পড়ুন: ফিরছেন সিরাজ, জাদেজা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে এই একাদশ নিয়ে নামতে পারে ভারত
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাটসম্যানদের আউট করতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বল করতে নামেন তিলক বর্মা, রিঙ্কু সিংরা। তবে দুঃখের বিষয় এই দুই বোলারের কেউই এদিন প্রতিপক্ষ দলের উইকেট তুলতে পারেননি। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত উইকেট এসেছিল হর্ষিত রানা, আরশাদ খান এবং শাহবাজ আহমেদ।


