মাঠেই হবে পরীক্ষা, ধরা পড়লেই.. ক্রিকেটে কঠিন নিয়ম আনছে ICC

Published:

International Cricket Rule

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) ব্যাটের মাপ নিয়ে কড়াকড়ি করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC Rules)। বড় মাপের ব্যাট ব্যবহার করে যাতে কোনও ব্যাটসম্যান সুবিধা পেতে না পারেন, সেজন্য এবার মাঠেই ব্যাট পরীক্ষার ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে ICC। এই ব্যবস্থায় আম্পায়ার বিশেষ ব্যাট গেজের মাধ্যমে ব্যাটের নির্ধারিত মাপ পরীক্ষা করবেন। বলে রাখা প্রয়োজন, প্রথমবারের মতো সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ICC ক্রিকেট কমিটি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট গেজ চালু করার সুপারিশ করেছিল।

মাঠেই হবে পরীক্ষা

হিন্দুস্থান টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন কমিটির করা সুপারিশ ব্যবস্থা সম্প্রতি বিশ্ব ক্রিকেট কাউন্সিলের বৈঠকে অনুমোদন পেয়েছে। জানা যাচ্ছে, আম্পায়ারদের এই নতুন ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরই কার্যকর করা হতে পারে এই ব্যবস্থাটি। বর্তমানে ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটের আকারের নির্দিষ্ট সীমা রয়েছে। MCC-র নিয়ম অনুযায়ী ব্যাটের সর্বোচ্চ প্রস্থ 4.25 ইঞ্চি, গভীরতা 2.64  ইঞ্চি এবং প্রান্ত 1.56 ইঞ্চি পুরু হতে পারে।

রিপোর্ট বলছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে নতুন ব্যবস্থা চালু করতে চলেছে সেই ব্যবস্থায় এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে মাঠেই ব্যাটের সর্বোচ্চ প্রস্থ, গভীরতা এবং প্রান্ত সঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। যদিও ইতিমধ্যেই এই ধরনের কঠিন পরীক্ষা চালু রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। IPL-এ ব্যাট গেজ পরীক্ষায় নির্ধারিত মাপের বাইরে থাকা ব্যাট ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাটারকে সেটি বদলাতে হয়েছে, এমন উদাহরণ অহরহ। এমন পরিস্থিতির মুখে পড়েছেন রবীন্দ্র জাদেজা, সুনীল নারিন, রিয়ান পরাগের মতো খেলোয়াড়।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশী স্বপ্ন দেখেও যা পারেননি গিলের সেই রেকর্ড দু’বার ভাঙলেন এই ভারতীয়

প্রসঙ্গত, আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমশ বাড়তে থাকা ছক্কার সংখ্যা এবং ব্যাট ও বলের ভারসাম্য নিয়ে থাকা উদ্বেগের কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচে গড়ে 19টির বেশি ছক্কা এসেছে, যেখানে 2008 সালে এই ছয়ের সংখ্যা ছিল 8 এর বেশি। ফলে ব্যাটের প্রযুক্তি ও আকারের মাধ্যমে ব্যাটাররা বাড়তি সুবিধা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতেই আরও কঠোর হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

google button