সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের আমলে চুক্তির ভিত্তিতে রাজ্য পুলিশে নিয়োগ করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। তবে বর্তমানে কলকাতা পুলিশ বাহিনীতে যথেষ্ট কর্মীর ঘাটতি রয়েছে বলেই খবর। সেই ঘাটতি মেটাতে সিভিক ভলেন্টিয়ারদের উপর নির্ভরতা বাড়লেও এবার কঠোর অ্যাকশন নিল লালবাজার। দীর্ঘ এক বছর বা তারও বেশি সময় ধরে অনুপস্থিত এবং নিয়মিত কাজে না আসার অভিযোগে মোট ৪১৭ জন সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করা হল লালবাজারের তরফে।
বরখাস্ত হলেন ৪১৭ জন সিভিক ভলেন্টিয়ার
জানা গিয়েছে, এদিন লালবাজারের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ৪১৭ জন সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে। তারা কলকাতা পুলিশের বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড এবং ইউনিটে কর্মরত ছিলেন বলেই খবর। জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের একাংশের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল দীর্ঘদিন। এমনকি দীর্ঘ প্রায় এক বছর ধরে তারা নিয়মিত কাজে আসতেন না এবং চাকরিতে অনিয়মিত ছিলেন। পাশাপাশি অনুপস্থিতির কারণ পর্যন্ত কর্তৃপক্ষকে জানানো হয়নি। সেই কারণেই এবার কঠোর ব্যবস্থা নিল লালবাজার।
জানিয়ে রাখি, বাম আমলে কলকাতা পুরসভার সাহায্যে গ্রিন পুলিশ বাহিনী তৈরি করা হয়। তবে তৃণমূলের আমলের সেই গ্রিন পুলিশের নাম রাখা হয় সিভিক ভলেন্টিয়ার। এমনকি চুক্তির ভিত্তিতে যোগ্যতা ছাড়াই হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল মমতার আমলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এবার সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই-বাছাই করা হবে এবং অযোগ্যদের বাদ দেওয়া হবে। জানা গিয়েছে, আগের সরকারের আমলে এই সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা পৌঁছেছিল প্রায় দেড় লক্ষে। প্রতিটি থানা এবং ট্রাফিক গার্ডেই এখন সিভিক ভলেন্টিয়াররা কর্মরত। এবার তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা রাজ্য সরকারের।
এতদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে বেতন কেটে নেওয়া হতো সিভিকদের। তবে নতুন সরকার এবার সরাসরি বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যে বিপাকে পড়েছেন সিভিক ভলেন্টিয়াররা তা বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে এক ভলেন্টিয়ারের বক্তব্য, যে বেতন তারা পান তা দিয়ে সংসার চালানো সত্যি কঠিন। তাই পুলিশে কাজ করার পাশাপাশি অন্য কিছু করতে হয় এবং সেই কারণে দীর্ঘদিন অনুপস্থিতির ঘটনা।


