বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 100 রানের নিচে অলআউট হয়ে যাওয়াটা আদতেই লজ্জার। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেটাই হয়েছে বাংলাদেশের (Bangladesh)। যে বাংলাদেশ দল 40 রানে মাত্র 1 উইকেট হারিয়েছিল তারাই শেষ পর্যন্ত 91 রানে অলআউট হয়ে গিয়েছে। কাগিসো রাবাডা থেকে শুরু করে এনরিখ নরকিয়ার মতো বোলারদের দাপটের সামনে একেবারে মুখ থুবড়ে পড়তে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তাতেই তৈরি হয়েছে নতুন লজ্জার রেকর্ড।
চরম লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আর মাঠে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে 91 রানে অলআউট হয়ে যেতেই সুপারস্পোর্ট পার্কে প্রথমে ব্যাট করা দল হিসেবে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়লেন ওপার বাংলার টাইগাররা। যদিও এই নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থবারের মতো টেস্ট ক্রিকেটে 100 রানের গন্ডি পেরোতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অর্থাৎ এই ঘটনা বাংলাদেশের কাছে নতুন নয়।
বলা বাহুল্য, এদিন টস জেতার পর বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। অন্যদিকে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এছাড়াও মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে চারজন ফাস্ট বোলার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল দলটি। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হলো না প্রতিবেশী দেশের ক্রিকেট দলের।
আরও পড়ুন: ছেড়ে দিয়েছে KKR, ৯ ছক্কায় ৯৫ করে কলকাতাকে উচিৎ জবাব দিল প্রাক্তন নাইট তারকা
প্রসঙ্গত, এদিন বাংলাদেশের বিরুদ্ধে পালা করে উইকেট তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রত্যেক বোলার। তবে সবচেয়ে বেশি উইকেট গিয়েছে রাবাড়া এবং মার্কো জেনসেনের ঝুলিতে। এই দুই বোলার ওপার বাংলার তিনটি করে উইকেট ভেঙেছেন। এর পাশাপাশি নরকিয়া দুটি এবং মুল্ডার ও হারমার একটি করে উইকেট তোলেন।


