মাথার খুশকি দূর করার সহজ ঘরোয়া উপায়

Published:

hair dandruff

আনিষা চৌধুরী, কলকাতা: শীতকাল এলেই অনেকের মাথায় খুশকির সমস্যা বেড়ে যায়। মাথার ত্বকে চুলকানি, সাদা সাদা গুঁড়োর মতো স্তর এবং চুলের গোড়ায় খুশকি জমে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই খুশকি আসলে কী? মাথার ত্বক থেকে মৃত কোষ শুকিয়ে গিয়ে ঝরে পড়ে। কিন্তু কোনও কারণে এই কোষ অতিরিক্ত পরিমাণে ঝরতে শুরু করলে মাথার ত্বক ও চুলে সাদা বা হলদেটে আঁশের মতো দেখা যায়, একেই খুশকি বলা হয়। শীতের শুষ্ক আবহাওয়া এবং মানসিক চাপের কারণে এই সমস্যা আরও বাড়তে পারে। তবে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ ও সহজ কিছু পদ্ধতি মেনে চললে খুশকির (Dandruff) সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

খুশকি নিয়ন্ত্রণে রাখার কয়েকটি সহজ পদ্ধতি

১. অ্যালোভেরা জেল:

অ্যালোভেরার মধ্যে ত্বককে ঠান্ডা করার কিছু উপাদান রয়েছে। মাথার ত্বকে চুলকানি বা অস্বস্তি থাকলে অল্প অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখতে পারেন। তবে প্রথমে হাতে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নেবেন। জ্বালা বা অ্যালার্জি হলে ব্যবহার করবেন না।

২. মেথির পেস্ট:

কয়েক চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সেগুলি ভালো করে বেটে পেস্ট তৈরি করুন। মাথার ত্বকে অল্প পরিমাণে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। তবে মেথির এই পেস্ট মাখলেই যে সব খুশকি দূর হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কিছুটা আরাম পাবেন, এবং সাময়িকভাবে খুশকি দূর হবে।

৩. নিমপাতার জল:

নিমপাতা ভালো করে ধুয়ে জলে ফুটিয়ে নিন। জল ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন। এরপর সেই জল দিয়ে মাথার ত্বক ধুয়ে নিতে পারেন। এতে মাথার ত্বকের জীবাণু দূর হবে। চুলের গোড়া পরিষ্কার থাকলে এবং আর্দ্র থাকলে খুশকিও কম হয়।

৪. টক দইয়ের প্যাক:

অনেকে চুলের যত্নে টক দই ব্যবহার করেন। মাথার ত্বকে অল্প পরিমাণে টক দই লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে নিতে পারেন। এটি চুলকে পুষ্টি দেয়। সংবেদনশীল ত্বকে এটি ব্যবহার না করাই ভালো।

৫. অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু:

খুশকির সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কেটোকোনাজলযুক্ত অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তবে শ্যাম্পুর প্যাকেটে দেওয়া নির্দেশ মেনে ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারের পরেও সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: অল্প বয়সে পেকে যাচ্ছে চুল? জানুন আটকানোর সহজ উপায়

চুলের সৌন্দর্য বজায় রাখতে শুধু চুলের দৈর্ঘ্য নয়, মাথার ত্বকের যত্ন নেওয়াও জরুরি। তাই নিয়মিত চুল পরিষ্কার রাখুন, অতিরিক্ত গরম জল দিয়ে মাথা ধোয়া এড়িয়ে চলুন এবং নিজের চুলের ধরন অনুযায়ী পরিচর্যা করুন। তবে খুশকির সমস্যা যদি অতিরিক্ত বেড়ে যায়, মাথার ত্বকে লালচে ভাব, ক্ষত বা তীব্র চুলকানি দেখা দেয়, কিংবা দীর্ঘদিনেও সমস্যা না কমে, তাহলে ঘরোয়া পদ্ধতির উপর নির্ভর না করে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

google button