সাইকেলে ‘কালান্তক’ কালাহারি মরুভূমি জয়, ‘চাঁদের পাহাড়’ স্পর্শ করে ঘরে ফিরলেন পুরুলিয়ার অক্ষয়

Published:

Purulia cyclist Akshay Bhagat

অনন্যা সরকার, পুরুলিয়া: আফ্রিকার কালাহারি মরুভূমি জয় করে বাড়ি ফিরলেন পুরুলিয়ার বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম বুরদার সাইকেল আরোহী (Cyclist) অক্ষয় ভগত। ২২ মে থেকে তিনি তীব্র দাবদাহ, বিস্তীর্ণ শুষ্ক প্রান্তর ও বন্য প্রাণীদের ডেরার মতো ভয়ংকর ও কঠিন সব অঞ্চল অতিক্রম করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘চাঁদের পাহাড়’-এর স্মৃতি জাগিয়ে তোলা ‘কালান্তক কালাহারি’ মরুভূমি জয় করে পুরুলিয়ায় ফেরার পর, রাজ্যের মানুষের কাছে গর্বের কারণ হয়ে উঠেছেন তিনি। এমনকি তাঁর  ফিরে আসার খবর পেয়ে স্থানীয় বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। 

অক্ষয়ের কালাহারি যাত্রা 

অক্ষয়ের ভগতের এই যাত্রার সূচনা হয়েছিল ২০১৮ সালের ৫ মার্চ, বাবার কাছ থেকে ধার নেওয়া মাত্র ১০০ টাকা নিয়ে। শুরুতে তাঁর লক্ষ্য ছিল বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে সাইকেলে পুরো ভারত ভ্রমণ করা। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর ভ্রমণের পরিধি আরও বাড়তে থাকে। তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, লাওস, রাশিয়া ও কাজাখস্তান ভ্রমণ করেন। রাশিয়া ও ইথিওপিয়ার আদ্দিস আবাবা ঘুরে তিনি আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 

তাঁর ছয় মাসের আফ্রিকা যাত্রায় তিনি কেনিয়ায় বিষুবরেখা অতিক্রম করে সাভানা তৃণভূমির উদ্দেশ্যে পাড়ি দেন এবং গ্রেট রিফট ভ্যালির মধ্য দিয়ে এগিয়ে যান। এই যাত্রাপথে তিনি জেব্রা ও হাতির পালের মুখোমুখি হয়েছেন। এদিকে, মাসাই জনগোষ্ঠীর আতিথেয়তা গ্রহণ করেছেন ও ‘শিরো’ ও ‘ইনজেরা’-র মতো স্থানীয় খাবারের স্বাদ নিয়েছেন। ছোটবেলা থেকেই অক্ষয় প্রথম ভারতীয় গ্লোব-ট্রটার বিমল মুখার্জির দুই চাকায় দুনিয়া এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্লাসিক চাঁদের পাহাড়ের মতো বই পড়ে অনুপ্রাণিত হন। নিজের এই সাইকেলে বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণের জন্য তিনি ভোরবেলা দুধ ও খবরের কাগজ বিলি করার মতো কাজও করেছেন। তাঁর এই ভ্রমণের অন্যতম উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া।

আরও পড়ুন: সরাসরি আসানসোল থেকে মেদিনীপুর যাওয়ার SBSTC বাস, রইল রুট ও সময়সূচি

অক্ষয়ের বাবা ভুবনেশ্বর ভগত জানান, তাঁর ছেলে ইতিমধ্যে ১৯টি দেশে সাইকেল চালিয়ে ভ্রমণ করেছে এবং ভবিষ্যতে আরও অনেক দেশই এভাবে ঘোরার পরিকল্পনা রয়েছে। ছেলের সাফল্যে বাবা গর্বিত হলেও, মনের মধ্যে সবসময় দুশ্চিন্তাও কাজ করে। তাই প্রতিদিন হোয়াটসঅ্যাপে ছেলের খোঁজখবর নেন। অক্ষয়ের মা জানান, ছেলে যখন প্রথম যাত্রা শুরু করেছিল, তখনই তিনি তাঁর স্বপ্ন ও আগ্রহকে সমর্থন জানান। এখন যখনই অক্ষয় বাড়ি ফিরে তার অভিজ্ঞতার গল্প শোনায়, তখন মায়ের মুখ গর্বে উজ্জ্বল হয়ে ওঠে।

google button