সহেলি মিত্র, কলকাতাঃ অনেক হল বৃষ্টি, এবার বাংলায় পারদ পতনের পালা। একটানা বৃষ্টির কারণে নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ। একটু রোদের অপেক্ষায় দিন গুনছেন সকলে। তবে আপাতত স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা তেমন নেই। প্রশ্ন উঠছে, আজ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া (Weather Today)? বৃষ্টি হবে নাকি আরও জাঁকিয়ে শীত পড়বে? চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। বেশিরভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে খবর।
উল্লেখযোগ্য আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, বর্তমানে উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমন্ডলীয় ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী ৪ দিনে বাংলার সর্বনিম্ন পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ৩০০০ নয়, ১৫০০-২০০০ করে মিলবে ভাতা, যুবশক্তি ভরসা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের ওপর শুষ্ক এবং শীতল থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে আগামীকাল অর্থাৎ বুধবারের আবহাওয়া? এদিন থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর আপাতত ঠান্ডাই থাকবে বলে খবর।


