বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শেয়ার বাজারে (Stock Market) দাপট দেখাচ্ছে ভারতীয় রেল মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বা IRFC এর শেয়ার। কয়েক মাস আগেই নরেন্দ্র মোদির সরকার (Modi Government) এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল, আর তারপর পর পরই এবার রেলওয়ে PSU-র শেয়ারে দেখা যাচ্ছে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। 23 নভেম্বর, ভারতীয় শেয়ার বাজারে এই IRFC-র শেয়ারটির দাম প্রায় 11 শতাংশ বেড়েছে। যার ফলে আবারও চর্চায় এসেছে এই সরকারি শেয়ারটি। ইতিমধ্যেই বহু বিনিয়োগকারী এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলেছেন।
শেয়ার বিক্রি করে 2,081 কোটি টাকা ঘরে এসেছে সরকারের
চলতি আর্থিক বছরে IRFC-র 1.75 শতাংশ সরকারি অংশীদারই অফার ফর সেল বা OFS-এর মাধ্যমে বিক্রি করেছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্র ধরেই সরকারের ঘরে এসেছে 2,081 কোটি টাকা। এদিকে এই সংস্থাটিতে নিজেদের কিছুটা অংশ বিক্রি করার ফলে এই মুহূর্তে কোম্পানিটিতে কেন্দ্রের শেয়ারের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 82.90 শতাংশে। এই তথ্য দিয়েছে সরকারের বিনিয়োগ ও সরকারি সম্পদ ব্যবস্থাপনা দফতর DIPAM।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর অফার ফর সেলে সরকারি শেয়ারটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন বহু বিনিয়োগকারী। ফলে জুন মাসে সরকার এই সংস্থার 22.81 কোটি শেয়ার বিক্রি করে 2,081 কোটি টাকা ঘরে তুলেছিল। OFS-এর জন্য নির্ধারিত ফ্লোর প্রাইস ছিল 91 টাকা প্রতি শেয়ার। মজার বিষয়, সরকার এই সংস্থার শেয়ার বিক্রি করার পরই সম্প্রতি শেয়ারটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সাম্প্রতিক সময়ে এই শেয়ারের দাম যেমন লাফিয়ে বেড়েছে ঠিক তেমনই আজ অর্থাৎ 23 নভেম্বরও শেয়ারটির দাম বেড়েছে 11 শতাংশ। ফলে, এই শেয়ারে বিনিয়োগ করতে ছুটছেন বিনিয়োগকারীদের একটা বড় অংশ!
আরও পড়ুন: জানেন, বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বাঁচেন?
প্রসঙ্গত, চলতি মাসে এই শেয়ার বিনিয়োগকারীদের লাভের মুখ দেখালেও এর অতীত খুব একটা সুমধুর নয়। 2026 সালে আজ পর্যন্ত এই শেয়ার একাধিকবার উল্লেখযোগ্য পতনের মুখে পড়েছে। গত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরের তুলনায় অনেকটাই নেমে গিয়েছিল এই শেয়ারের দাম। কাজেই সরকারের এই শেয়ারে বিনিয়োগ করার আগে অবশ্যই সবদিক বিবেচনা করার পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


