২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি লটারিতে, থাকবে না বাছাই প্রক্রিয়া, বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরের

Published:

School admission

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর ২০২৭ শিক্ষাবর্ষের জন্য সরকারি, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির (School admission) নির্দেশিকা জারি করেছে। সোমবার, ২৩ নভেম্বর জারি করা একটি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ‘রাইট টু এডুকেশন’ (RTE) আইন, ২০০৯ অনুযায়ী, ভর্তির ক্ষেত্রে কোনো বাছাই বা স্ক্রিনিং প্রক্রিয়া রাখা যাবে না এবং প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক থাকবে। আবেদনকারীর সংখ্যা উপলব্ধ আসনের চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে ভর্তির বিষয়টি নির্ধারণ করা হবে।

স্কুলে ভর্তির বয়সসীমা প্রকাশিত হল

নির্দেশিকা অনুযায়ী, সমস্ত আবেদনকারীকে নিয়ে একটি সাধারণ লটারির মাধ্যমে অসংরক্ষিত আসনগুলি পূরণ করা হবে। এরপর, প্রচলিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শ্রেণিভিত্তিক লটারির মাধ্যমে সংরক্ষিত আসনগুলি পূরণ করা হবে। বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৭ তারিখটিকে ভিত্তি ধরা হবে। প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স অন্তত ৫ বছর হতে হবে এবং ৬ বছরের কম হতে হবে। প্রথম শ্রেণির ক্ষেত্রে ন্যূনতম বয়স ৬ বছর ও সর্বোচ্চ বয়স ৭ বছরের কম হতে হবে। পরবর্তী প্রতিটি শ্রেণির জন্য বয়সসীমা এক বছর করে বৃদ্ধি পাবে, অষ্টম শ্রেণির ক্ষেত্রে শিশুর বয়স ১৩ বছর বা তার বেশি হতে হবে এবং সর্বোচ্চ বয়স ১৪ বছরের কম হতে হবে। কোনো শিশুর বয়স নির্ধারিত শর্তের সঙ্গে না মিললে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বোচ্চ ৪ মাস পর্যন্ত বয়সের ছাড় দিতে পারবেন।

বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের ভর্তির সুযোগ দিতে হবে এবং কোনো শিক্ষার্থীকেই বিদ্যালয় ছাড়তে বাধ্য করা যাবে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এমনভাবে অন্তর্ভুক্ত করতে হবে যাতে তারা ১৮ বছর বয়সের মধ্যে তাদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে। যে বিদ্যালয়গুলি আসন সংখ্যা বাড়াতে ইচ্ছুক, তাদের জেলা স্কুল পরিদর্শকের (District Inspector) মাধ্যমে স্কুল শিক্ষা কমিশনারের কাছে প্রস্তাব জমা দিতে হবে।

আরও পড়ুন: ৩০০০ নয়, ১৫০০-২০০০ করে মিলবে ভাতা, যুবশক্তি ভরসা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

একই স্কুলের ভবনে বা চত্বরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো লটারি ছাড়াই সরাসরি সেই ভবনের উচ্চ মাধ্যমিক স্কুলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির অধিকারী হবে। এই অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ভর্তির পর, অবশিষ্ট আসনগুলি লটারির মাধ্যমে পূরণ করা হবে। যদি কোনো শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত না হয়, তবে অভিভাবকরা নিকটস্থ কোনো বিদ্যালয়ে ভর্তির জন্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে আবেদন করতে পারেন। স্কুল সাব-ইন্সপেক্টরদের এই বিষয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে।

google button