বদলে গেল ৭৬ বছরের পুরনো নিয়ম, কর্মীদের অ্যাকাউন্টে এবার টাকা পাঠাবে ESIC

Published:

esic (1)

আনিষা চৌধুরী, কলকাতা: দেশের কর্মীদের জন্য বড় ঘোষণা। কর্মীদের সামাজিক সুরক্ষা ও আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (Employees State Insurance Corporation)। নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সংস্থা। এবার থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করলে অসুস্থতা ও মাতৃত্বকালীন সুবিধার টাকা পেতে আর আলাদা করে ক্লেম জমা দিতে হবে না। সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সুবিধার টাকা।

কী বলছে কেন্দ্রীয় সংস্থা?

এতদিন পর্যন্ত অসুস্থতা কিংবা মাতৃত্বকালীন সুবিধা পেতে কর্মীদের নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন বা ক্লেম জমা দিতে হত। সেই সঙ্গে প্রয়োজনীয় নথি ও মেডিক্যাল সার্টিফিকেটও জমা দেওয়ার বিষয় ছিল। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কেউ আহত হলে বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে সংশ্লিষ্ট সুবিধা পাওয়ার জন্যও আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়ত। ফলে গোটা প্রক্রিয়ায় বেশ কিছুটা সময় লাগত। টাকা পেতেও সময় লেগে যেত।

তবে নতুন Employees’ State Insurance (General) Regulations, 2026 অনুযায়ী, এবার থেকে নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ হলেই স্বয়ংক্রিয়ভাবে ক্লেম নথিভুক্ত হবে।

  • প্রথমত, সংশ্লিষ্ট মেডিক্যাল সার্টিফিকেট ESIC-এর তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে তৈরি হতে হবে।
  • দ্বিতীয়ত, নিয়োগকর্তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক রিটার্ন Form 8B অনলাইনে জমা দিতে হবে।
  • তৃতীয়ত, সংশ্লিষ্ট কর্মীর আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাঁর ESIC বিমা নম্বরও আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে।

এই শর্তগুলি পূরণ হলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

এখানেই শেষ নয়, কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধির 29B ধারা অনুযায়ী, কোনও দুর্ঘটনাকে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বলে স্বীকৃতি দেওয়া হলে নিয়োগকর্তার জমা দেওয়া দুর্ঘটনার রিপোর্টই অস্থায়ী অক্ষমতা, স্থায়ী অক্ষমতা এবং কর্মীর মৃত্যুর ক্ষেত্রে নির্ভরশীলদের সুবিধার ক্লেম হিসেবে গণ্য হবে। এছাড়া নিয়োগকর্তা সময়মতো রিটার্ন জমা না দিলেও শুধুমাত্র সেই কারণে কর্মীর প্রাপ্য সুবিধা আটকে রাখা যাবে না। তবে স্বয়ংক্রিয় ব্যবস্থার পাশাপাশি কর্মীরা নিজেরাও আগের মতো অনলাইনে বা অন্যভাবে ক্লেম করতে পারবেন।

আরও পড়ুন: একই পরিবারে সর্বোচ্চ দু’জন, অন্নপূর্ণা যোজনার নিয়ম বদলে দিলেন মুখ্যমন্ত্রী

এই নতুন নিয়মের ফলে কর্মীদের জন্য সুবিধা পাওয়ার প্রক্রিয়া অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে। বারবার আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং ক্লেমের জন্য অপেক্ষা করার ঝক্কি কমবে। বিশেষ করে অসুস্থতা কিংবা মাতৃত্বকালীন সময়ে আর্থিক সহায়তা পাওয়া আরও সহজ হবে। এই নতুন নিয়ম এখনও চালু হয়নি, এই ব্যবস্থার কার্যকর হওয়ার তারিখ ESIC-এর ডিরেক্টর জেনারেল ঘোষণা করবেন।

google button