সৌভিক মুখার্জী, কলকাতা: নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিজেপি সরকারের আমলে অন্নপূর্ণা যোজনা হিসেবে চালু হলেও এই প্রকল্পে যাচাই-বাছাই চলছে জোরকদমে। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই প্রকল্প থেকে আসলে কারা সুবিধা পাবেন আর কারা বাদ যাবেন।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্নে সাংবাদিক বৈঠক থেকে আজ ভরসা স্কিমের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা এবং অন্যান্য একাধিক প্রকল্প নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি মাসে মহিলারা এই প্রকল্প বাবদ ৩০০০ টাকা করে অর্থ সহায়তা পাচ্ছেন। তবে সরকারের নির্ধারিত শর্তের জেরে বাদ পড়েছেন অনেকেই। আবার একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়ে আসছিলেন। তবে এবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই পরিবারের দু’জনের বেশি অন্নপূর্ণা যোজনার সুবিধা কোনও ভাবেই পাবেন না।
মুখ্যমন্ত্রীর কথায়, এবার থেকে একটি পরিবারের সর্বাধিক দুজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “পরিবারপিছু সুবিধাভোগীর সংখ্যা দু’জনেই সীমাবদ্ধ করা হচ্ছে। আগে একটি পরিবার থেকে ৭ জন পর্যন্ত এই সুবিধা পেতেন। তবে সেই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। অন্য কোনও ভাতা বা প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।” তবে হ্যাঁ, যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারেননি, তারা নতুন করে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: যুবসাথীর নাম বদলে ভরসা স্কিম, কবে থেকে মিলবে মাসে ৩০০০ টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
এদিকে যুবশক্তি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকার যেখানে যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা করে অর্থ সহায়তা দিত, সেখানে বিজেপি সরকার এই স্কিমের নাম পরিবর্তন করে ভরসা স্কিম রেখেছে এবং আপাতত এখানে গ্র্যাজুয়েটরা পাবেন প্রতি মাসে ২০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা ১৫০০ টাকা করে। জানুয়ারি থেকে এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


