তিন মাস অন্তর নয়, এবার প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published:

nabanna cm

আনিষা চৌধুরী, কলকাতা: এবার ইলেকট্রিক বিলে (Electricity Bill) বড় পরিবর্তন আনল বর্তমান রাজ্য সরকার (West Bengal)। সোমবার, ২৩ নভেম্বর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনগণের আপত্তি ও আবেদনকে গুরুত্ব দিয়ে বিদ্যুতের বিল বণ্টনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। এবার আর তিন মাস অন্তর নয়, প্রত্যেক মাসেই বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুতের বিল। শুধু তাই নয়, প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিংও নেবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।

কী বলছেন মুখ্যমন্ত্রী?

এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, দীর্ঘদিন ধরেই মাসিক বিলের দাবি জানিয়ে আসছিলেন বিদ্যুৎ গ্রাহকরা। সেই আবেদনে সাড়া দিয়েই এবার পুরনো নিয়মে বদল আনতে চলেছে সরকার। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে জনগণের দাবি তথা আবেদন স্বীকার করে আমরা ত্রৈমাসিক বিলের পরিবর্তে প্রত্যেক মাসে মিটার রিডিং নেব এবং বিল দেব। জানুয়ারি ২০২৭ থেকে। আপনাদের মাঝে ত্রৈমাসিক বিল নিয়ে অনেক আপত্তি ছিল, বলেছিলেন মাসিক বিল আসা উচিত। সেটা আমরা করতে চলেছি।”

প্রসঙ্গত, এতদিন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা বা WBSEDCL-এর আওতাধীন এলাকায় তিন মাস অন্তর বিদ্যুতের বিল পাঠানো হত। ফলে একসঙ্গে তিন মাসের বিদ্যুতের খরচ মেটাতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তেন সাধারণ গ্রাহকরা। বিশেষ করে একসঙ্গে বেশি টাকার বিল হাতে আসায় সংসারের মাসিক বাজেট সামলানো কঠিন হয়ে পড়ত অনেকের পক্ষে। অন্যদিকে, CESC-র আওতাধীন গ্রাহকরা আগে থেকেই প্রতি মাসে বিদ্যুতের বিল পেয়ে থাকেন। এই বৈষম্য এবং গ্রাহকদের দীর্ঘদিনের অসুবিধার কথা মাথায় রেখেই এবার মাসিক বিলের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুতের বিল সংক্রান্ত এই পরিবর্তনের কথা মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছিলেন। চলতি বছরের জুলাই মাসে বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার সময়ই তিন মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল চালুর ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হবে না বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার ২৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকে সেই মাসিক বিল চালুর সিদ্ধান্তে ফের সিলমোহর দিলেন শুভেন্দু।

আরও পড়ুন: দেশে ফিরেই বিপাকে টুলু মণ্ডল, ফের পাথর ব্যবসায়ীকে দুই থানায় হাজিরার নির্দেশ

ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার দিকে নজর দিয়ে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সরকার। গ্রাহক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি ছোটখাটো অভিযোগগুলিও গুরুত্ব দিয়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুতের বিলের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করাও সেই উদ্যোগেরই একটি অংশ। আগামী জানুয়ারি ২০২৭ থেকেই কার্যকর হবে এই ব্যবস্থা। ফলে প্রতি মাসে নির্দিষ্ট সময় অন্তর বিল হাতে পাওয়ায় একসঙ্গে তিন মাসের খরচ মেটানোর চাপ কমবে গ্রাহকদের। পাশাপাশি নিয়মিত মিটার রিডিংয়ের ফলে বিদ্যুতের ব্যবহার অনুযায়ী মাসিক খরচের হিসাব রাখাও অনেক সহজ হবে।

google button