বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ভয়ানক বন্যার কবলে পড়েছিল প্রতিবেশী দেশ নেপাল (Nepal)। সেই বিপদের পর ঘুরে দাঁড়াতে ভারতের (India) কাছে সাহায্য চেয়েছিল কাঠমান্ডু। বন্যা-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়নের জন্য নরেন্দ্র মোদি সরকারের কাছে 24,000 কোটি নেপালি রুপির আর্থিক প্যাকেজ চেয়েছিল দেশটি। বালেন শাহের ভারত সফরেই সেই আবেদনে মিলল সবুজ সংকেত। অন্যান্য সময়ের মতো এবারেও প্রতিবেশী দেশটির পাশে দাঁড়িয়ে 24,000 কোটি নেপালি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নেপালকে বড় সাহায্য ভারতের
নিজের প্রথম আন্তর্জাতিক সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন। আর দেশের মাটিতে পা রেখেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন তিনি। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন মোদি। আর সেই দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভারত এবং নেপালের মধ্যে থাকা ঐতিহ্যবাহী সম্পর্কের কথা স্মরণ করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বলেন, নেপাল শুধুমাত্র ভারতের প্রতিবেশী নয়, বরং দুই দেশের মধ্যে নিবিড় বিশ্বাসের সম্পর্ক রয়েছে। দেশের চৌকিদারের কথায়, “আমরা আমাদের আনন্দগুলো ভাগ করে নিই। খারাপ সময়ও একে অপরের পাশে থাকি। আমরা একে অপরের অংশীদার।” এদিনের বৈঠকের পর হিমালয়-সংলগ্ন দেশটিতে বন্যা পরবর্তী পুনর্গঠন ও উন্নয়নের জন্য 24,000 কোটি নেপালি রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় 15 হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
Today, to further strengthen Nepal’s reconstruction and long-term development, we are announcing a development cooperation package worth 24,000 crore Nepali rupees. Our commitment is to help affected families get their lives back on track, create new opportunities and strengthen… pic.twitter.com/3Q2zL1eLG7
— DD News (@DDNewslive) November 23, 2026
প্রতিবেশী দেশের উন্নতির কথা ভেবে প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে বলেন, “সম্প্রতি আকস্মিক বন্যায় নেপালে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবার ভারত নেপালের জন্য 24,000 কোটি নেপালি রুপির একটি আর্থিক উন্নয়ন প্যাকেজ ঘোষণা করছে।” এদিন নেপালের স্বার্থে ভারতের তরফে একাধিক ঘোষণার পাশাপাশি সূর্য-কমলা এক্সপ্রেস ট্রেনের পরিষেবাও চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বালেন। এছাড়াও মহাকালী নদীর উপর উত্তরাখণ্ডের অসিগাদা থেকে নেপালের ধরচুলার মধ্যেকার নতুন সেতু উদ্বোধনও করেন দুজন। একই সঙ্গে নেপালে আইআইটি ক্যাম্পাস স্টার্টআপ ও ইনোভেশন হাব তৈরিরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।


