অনন্যা সরকার, দক্ষিণ দিনাজপুর: রাসযাত্রার আগেই দক্ষিণ দিনাজপুরের পর্যটক ও তীর্থযাত্রীদের সুখবর দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। এই সরকারি পরিবহন সংস্থাটি বালুরঘাট থেকে নদিয়ার মায়াপুর পর্যন্ত একটি সরাসরি বাস পরিষেবা চালু করেছে (Balurghat Mayapur Bus)। এর ফলে বালুরঘাটের বাসিন্দারা এখন একটি বাসেই মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছাতে পারবেন। সোমবার সকালে বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এই পরিষেবার উদ্বোধন করেন। আসুন তাহলে এই সরকারি বাসটির সময়সূচি ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বালুরঘাট – মায়াপুর বাসের সময়সূচি ও ভাড়া
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দ্বারা পরিচালিত এই মায়াপুরগামী বাসটি প্রতিদিন সকাল ৮:৩০-এ বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। এরপর ২১টি নির্ধারিত স্টপেজ পেরিয়ে ওইদিন বিকেল ৫:০০টায় মায়াপুরে পৌঁছাবে। ফিরতি পথে বাসটি পরদিন সকাল ৭:০০টায় মায়াপুর থেকে ছাড়বে এবং বিকেল নাগাদ বালুরঘাটে আসবে। এই বাসে বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬৫ টাকা। তবে, মহিলা যাত্রীরা তাঁদের আধার কার্ড দেখিয়ে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এটি একটি বড় সুবিধা, বিশেষ করে সেইসব মহিলাদের জন্য যারা তীর্থযাত্রী হিসেবে মায়াপুরে যাচ্ছেন।
উল্লেখ্য, সোমবার বালুরঘাট – মায়াপুর বাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিদ্যুৎ কুমার রায় জানান যে, সরকার ১,০০০টি নতুন বাস রাজ্যে আনার পরিকল্পনা করেছে, যার মধ্যে ৪৩৫টি বাস ইতিমধ্যে এসে পৌঁছেছে। এছাড়া, পরিবেশ দূষণ কমাতে সিএনজি (CNG)-চালিত বাস চালুর ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: চালু হচ্ছে শিলিগুড়ি-মায়াপুর NBSTC বাস, সহজ হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা যাতায়াতের জন্য একটি সাশ্রয়ী ও সরাসরি বাস পরিষেবা চালুর দাবি জানিয়ে আসছিলেন। যদিও ট্রেনে করে সরাসরি বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম যাওয়া যায়, তবে আগে মায়াপুরে পৌঁছাতে বেশ সময় লাগত। আশা করা হচ্ছে যে, এই নতুন বাস পরিষেবা তীর্থযাত্রী থেকে সাধারণ যাত্রী – উভয়ের জন্যই যাতায়াতকে অনেক বেশি সুবিধাজনক ও আরামদায়ক করে তুলবে। রাসের উৎসব শুরুর আগে তীর্থযাত্রীদের জন্য এই পরিষেবাটি বিশেষভাবে সহায়ক হবে।


