প্রীতি পোদ্দার, কলকাতা: জনপ্রতিনিধি মানেই এই নয় যে আমূল বদলে যাবে জীবনযাপনের ধরন। এমনকি দামি গাড়ি, ভিআইপি সুযোগ-সুবিধা আর জাঁকজমকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না রাজনৈতিক জীবনযাত্রা, আর সেটাই প্রমাণিত করলেন সাঁইথিয়ার (Sainthia) বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। আজ, সকালেই দলীয় কর্মসূচিতে যোগদান করতে বিলাসবহুল গাড়ির বদলে মেমু ট্রেনের সাধারণ কামরায় সফর করতে দেখা গেল তাঁকে। আর সেই ভিডিও ভাইরাল (Sainthia MLA Viral Video) হতেই প্রশংসার জোয়ার দেখা গেল।
মেমু ট্রেনে সফর বিধায়কের
সূত্রের খবর, আজ, সোমবার ভারতীয় জনতা তফসিলি মোর্চা জাতির ডাকে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে যোগ দিতেই এবার সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহাও ট্রেন যাত্রা করলেন। বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও সে সাধারণ মানুষের সঙ্গেই যাতায়াত করলেন। যদিও তাঁর সঙ্গে পুলিশ এবং অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। কথাবার্তাও করলেন ট্রেনের বাকি যাত্রীদের সঙ্গে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে, বিধায়কের পদ, রাজনৈতিক পরিচিতি কিংবা জনপ্রতিনিধির মর্যাদা কোনও কিছুই সাধারণ মানুষের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ায়নি।
কী বলছেন বিধায়ক?
সাধারণ মানুষের সঙ্গে ট্রেন যাত্রার অভিজ্ঞতা প্রসঙ্গে সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা জানান, “ভারতীয় জনতা তফসিলি মোর্চা জাতির ডাকে একগুচ্ছ কর্মসূচির ডাকে যোগ দিতে আমরা ট্রেনেই সফর করলাম। কারণ তফসিলি মোর্চা সমস্ত মানুষদের সংগঠিত করে পশ্চিমবঙ্গ পরিষেবার নিরিখে সকলকে একত্রিত করাই আমাদের মূল কাজ। আজকের কর্মসূচি পিছিয়ে পড়া মানুষের পা ধৌতকরণ হবে এবং একটা বড় বাইক র্যালি হবে কংগ্রেসের অরাজকতার বিরুদ্ধে। এছাড়াও আজ অসহায় দুস্থ মানুষদের আজ বস্ত্র বিতরণ করা হবে।”
আরও পড়ুন: বিদেশি সংস্কৃতির ছাপ মুছে সমাবর্তনে এবার ভারতীয় সাজ, বড় উদ্যোগ উচ্চশিক্ষামন্ত্রীর
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্ষমতা পাওয়ার পরেই অনেক রাজনৈতিক নেতা তাঁদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনেন। চোখে পরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ, দামি গাড়ি, দামি মোবাইল। কিন্তু সেখানে সাধারণ মেমু ট্রেনের কামরায় বিধায়কের সফর স্বাভাবিকভাবেই আলাদা করে নজর কেড়েছে নেট দুনিয়ায়। দলের অন্দরেও তাঁকে নিয়ে বেশ চর্চা চলছে।


