এখনই গ্রেফতার নয়, তিন মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চ আদালতে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনটি মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও রকম কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। এই দিন পর্যন্তই তাঁর রক্ষাকবচের মেয়াদ বর্ধিত করা হল। উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর যুবরাজের রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার কথা।

অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একাধিক অভিযোগে বিভিন্ন থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এখনও পর্যন্ত যা খবর, সাংসদের বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর রুজু হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন তিনি। তবে এবার বাকি তিনটি মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল উচ্চ আদালত। জানা গিয়েছে, সেবাশ্রয় মামলায় এবার স্বস্তি পেয়েছেন তৃণমূল সাংসদ। এই প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তাঁর বিরুদ্ধে চলছে তদন্ত। আর সেই মামলাতেই ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালিতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সেই মামলাগুলিতেও তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছে হাইকোর্ট। যদিও এই মামলায় গত ২৫ আগস্ট সাংসদকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে তা আগামী ৩০ নভেম্বর সোমবার শেষ হওয়ার কথা। তার আগেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে স্বস্তি পেয়েছেন যুবরাজ।

আরও পড়ুন: লাগবে না এই নথি, কাস্ট সার্টিফিকেটের নিয়মে বিরাট বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

এদিকে রাজ্যের তরফ থেকে অভিষেকের এই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি নিয়ে আপত্তি জানানো হয়। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, তিনটি এফআইআর-র উপর রক্ষাকবচ থাকলেও অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। এমনকি তদন্তকারী সংস্থা ডাকলে অভিষেককে হাজিরা দিতে হবে। তবে তার ৪৮ ঘণ্টা আগেই সাংসদকে নোটিশ দিয়ে জানাতে হবে। তদন্তে যদি তিনি সহযোগিতা না করেন, তাহলেই সেক্ষেত্রে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে রাজ্য।

google button