রেখা পাত্রের পর অসুস্থ আরামবাগের বিধায়ক, ভর্তি SSKM-এ, কী হয়েছে হেমন্ত বাগের?

Published:

Hemanta Bag Hospitalized

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি বিধায়ক রেখা পাত্রের পর অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিধায়ক। জানা গিয়েছে তীব্র পিঠে ব্যাথা নিয়ে গতকাল, রবিবার, আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ (Hemanta Bag Hospitalized)। প্রথমদিকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে বিধায়ককে ভর্তি করানো হলেও পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। বিধায়কের শারীরিক অবস্থা (Hemanta Bag Health Update) নিয়ে উদ্বিগ্ন পরিবারসহ দলের কর্মীরা।

অসুস্থ আরামবাগের বিধায়ক

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল রবিবার, দুপুরে একটি কর্মসূচিতে থাকার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। কোমর ও পিঠের যন্ত্রণা এতটাই তীব্র ছিল তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন। এরপর সঙ্গে সঙ্গে দলীয় কর্মীরা তাঁকে আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিলেন। ডাক্তারের কাছেও যন্ত্রণার জন্য বিধায়ক কেঁদে ফেলেছিলেন। শেষে প্রাথমিক চিকিৎসার পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন ওই বিধায়ক।

ভর্তি কলকাতার SSKM হাসপাতালে

বিধায়কের এইরূপ অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগাযোগ করেন পরিবারের সঙ্গে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দেন। এরপরই নির্দেশ অনুযায়ী আজ, সোমবার সকালে আরামবাগ হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁরই তত্ত্বাবধানে বিধায়ক হেমন্ত বাগকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষ। কলকাতাতেই আপাতত তাঁর চিকিৎসা চলবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: “ভাইদের রক্ত বইছে, এবার রাস্তায় নামতে হবে” বাংলাদেশে হিন্দুহত্যায় প্রতিবাদের ডাক শমীকের

ভেন্টিলেশনে রেখা পাত্র

শেষ পাওয়া আপডেট অনুযায়ী, শরীরে বিষক্রিয়ার ফলে গুরুতর অসুস্থ অবস্থায় এখনও কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। রবিবার ভোরে তাঁকে অচেতন ও সঙ্কটজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস লাগোয়া, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ যুধাজিৎ সেনগুপ্ত জানিয়েছেন রেখার শরীরে ‘অর্গ্যানো-ফসফরাস পয়জনিং’–এর চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার পিছনে পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক বিষয়ের মতো অন্য কোনও কারণ রয়েছে, সেটা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

google button