“ভাইদের রক্ত বইছে, এবার রাস্তায় নামতে হবে” বাংলাদেশে হিন্দুহত্যায় প্রতিবাদের ডাক শমীকের

Published:

Samik Bhattacharya

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলাদেশে এখনও নিরাপদ নয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাইতো বাহাত্তরের ক্ষত আজও বইছে বাংলাদেশে (Bangladesh Political Crisis)। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার বছর দুই পর দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা। আর তা নিয়েই ফের উত্তাল বাংলাদেশ। সম্প্রতি সে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে ফের সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সেখানকার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হিন্দুদের রাস্তায় নামার আহ্বান জানালেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি শমীক

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অশান্তি এবং সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে গতকাল অর্থাৎ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করেছিলেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, “দেশভাগের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বারবার আক্রান্ত হতে হচ্ছে। এককথায় স্বাধীনতার এত বছর পরেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। তবে বাংলাদেশে হিন্দু নির্যাতন, অশান্তি নিয়ে যা বলার বিদেশমন্ত্রকই বলবে। কিন্তু হিন্দু বাঙালি হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত।”

দেশভাগের জন্য নেহরু ইন্দিরাকে দায়ী শমীকের

শমীক ভট্টাচার্য আরও জানিয়েছেন যে, “ব্রিটিশদের কূটনৈতিক ষড়যন্ত্র এবং তৎকালীন নেতৃত্বের ভুল সিদ্ধান্তের ফলেই ভারত ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল। দেশভাগের সময় গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। সেই সময় বিরোধী পক্ষে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি বলেছিলেন এই মুহূর্তে আমাদের লক্ষ্য একটাই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ গঠন করা। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে আমাদেরও প্রতিবাদ করতে হবে। ওখানে যাদের প্রাণহানি ঘটছে, তারা হিন্দু। বাঙালি হিন্দু হিসেবে বলছি, রাস্তায় নামতে হবে।”

আরও পড়ুন: বিসলেরির জলে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, মামলা করার অনুমোদন দিল FSSAI

নেতাজী মনোভাব নিয়ে সরাসরি শমীক

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, “নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতে দিতেন না। কারণ নেতাজি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। তিনি এক রাষ্ট্রের নীতিতে বিশ্বাস করতেন। ফলে নেতাজি দেশের নেতৃত্বে থাকলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হতে পারত।” তাঁর এই মন্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে পশ্চিমবঙ্গে নতুন করে আন্দোলনের সম্ভাবনাকেও সামনে নিয়ে এল।

প্রসঙ্গত, বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায় সাম্প্রতিক হিংসার ঘটনাও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। গত ২০ নভেম্বর সেখানে বিএনপি-ঘনিষ্ঠ দুই নেতার মৃত্যুর পর একাধিক বাড়ি ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তবে বাংলাদেশের পুলিশ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা সেখানে ব্যাপকভাবে হিন্দু পরিবারগুলির উপর হামলার দাবিকে অস্বীকার করেছেন।

google button