বিসলেরির জলে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, মামলা করার অনুমোদন দিল FSSAI

Published:

Bisleri FSSAI

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি দেশের অন্যতম প্রধান প্যাকেটজাত পানীয় জলের (Packaged Drinking Water) ব্র্যান্ড বিসলেরি (Bisleri)-এর পণ্যের গুণমান নিয়ে উঠেছে ঘোরতর প্রশ্ন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে। সংস্থাটির প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে। দু’বার নিরাপত্তারজনিত পরীক্ষাতেই ফেল করেছে। পরীক্ষায় জলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে ব্রোমেট ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি পাওয়া গেছে। আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

দু’বার পরীক্ষায় ফেল বিসলেরির জল

প্রথম পরীক্ষায় জলে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে ব্রোমেট পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বলে বিবেচিত। তবে সংস্থা এতে আপত্তি জানালে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়, কিন্তু এবারও প্যাকেটজাত জলের নমুনাটি অনিরাপদ বলে প্রমাণিত হয়। এবার এতে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামক ক্যান্সার সৃষ্টিকারী উপাদানও পাওয়া যায়। উল্লেখযোগ্যভাবে, এই জলের নমুনা বাজার থেকে নয় বরং বিসলেরির নিজস্ব অফিস থেকেই সংগ্রহ করা হয়েছিল।

জানিয়ে রাখি, ব্রোমেট এবং পিএএইচএস – দুটিকেই ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। বিসলেরির বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে এফএসএসএআই জানিয়েছে যে, জলটি পানের অযোগ্য ও খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ (Food Safety and Standards Act, 2006)-এর অধীনে সংস্থাটির বিরুদ্ধে মামলা করা হবে। তবে, সংস্থার তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন: সূর্যালোক ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করবে ‘ড্রাকুলা, সোলার প্যানেল! কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

৫০ বছরেরও বেশি পুরোনো এই ব্র্যান্ডটির বিরুদ্ধে এই পদক্ষেপ মানুষকে একইসাথে অবাক ও আতঙ্কিত করেছে। তবে, এফএসএসএআই শুধু বিসলেরির বিরুদ্ধেই নয়, আরও বেশ কিছু সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, বসন্ত মসালা প্রাইভেট লিমিটেড, মীমাংসা ইন্ডাস্ট্রিজ, আশা কনফেকশনারি এবং অন্যান্য খাদ্য সংস্থাগুলির বিরুদ্ধেও মামলা করেছে এফএসএসএআই এবং বাজার থেকে তাদের পণ্য তুলে নেওয়ার নির্দেশ জারি করেছে।

উল্লেখ্য, নিয়ম লঙ্ঘনের জন্য এফএসএসএআই গৌর আয়ুর্বেদিক স্টোর এবং উর্মি লাইফসায়েন্সেসের লাইসেন্স স্থগিত করেছে। ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ আশা কনফেকশনারির বিরুদ্ধেও পণ্য প্রত্যাহার করার আদেশ জারি করেছে। সংস্থাটিকে তাদের আগে থেকে প্যাকেট করা চকোলেট বিস্কুটগুলি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেগুলি অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

আরওBisleriFSSAI
google button