বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারল না ভারত (Team India)। রাইজিং স্টারস এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে শেষ পর্যন্ত লড়াই করে হেরে যেতে হলো টিম ইন্ডিয়াকে। এদিন পাক দলের বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অভিষেক শর্মা হাল ধরলেও পরে ক্রমাগত উইকেট পড়তে থাকে মেন ইন ব্লুর। শেষ মুহূর্তে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কঠিন লড়াই করেছিলেন তিলক বর্মা। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে নিজের দলকে জেতাতে পারলেন না তিনি
ভারতের বিরুদ্ধে জয় পাকিস্তানের
রাইজিং স্টারস এশিয়া কাপের রবিবারের হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। এদিন শুরুটা বেশ ভালই হয়েছিল পশ্চিমের দেশের। ভারতের কঠিন বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারছিলেন পাকিস্তানের দুই ওপেনার। যদিও শামিল হুসেইন এবং মাজ সাদাকাতের জুটি ভাঙেন আয়ুশ বাধোনি। তাতে অবশ্য খুব একটা সমস্যা হয়নি পাকিস্তানের।
এদিন পাকিস্তানের গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরেছিলেন 24 বছরের হাসান নওয়াজ। ব্যাট হতে 79 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁদের মতোই এদিন ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ফারহান ইউসুফও। যদিও শেষের দিকে ভারতীয় বোলারদের সামনে ঘুরে দাঁড়াতে পারেননি পাকিস্তানের খেলোয়াড়রা, তবে সেসবের মধ্যেও 313 রান তুলে ফেলে পাক বাহিনী। তাতে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিল ভারত।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা, পাক ব্যাটারদের ধমকালেন হর্ষিত রানা, তারপর..
রবিবার, পাকিস্তানের দেওয়া বিরাট লক্ষ্যকে সামনে রেখে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে শুরুতেই বৈভবের উইকেটে ধাক্কা খায় ভারতীয় ক্রিকেট দল। 15 বছরের কিশোরের ব্যর্থতার মাঝে অবশ্য নিজের ব্যাটের ক্ষমতা দেখিয়েছিলেন অভিষেক শর্মা। একার হাতে 70 রান করে দলের স্কোরবোর্ডে বড় সংখ্যা জুড়েছিলেন তিনি। পাশে ছিলেন তিলক বর্মাও। তবে পাকিস্তানের আক্রমণাত্মক বোলিং এদিন মাঠে টিকতে দেয়নি অভিষেককে। এরপর থেকে যাঁরাই এসেছিলেন অল্প রানে উইকেট দিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁদের। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিলক শেষ পর্যন্ত সেঞ্চুরি করেও পাকিস্তানের রানের পাহাড় ভেদ করতে পারেননি। তাতে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হলো রিঙ্কু সিংদের। ভারত হারলো 48 রানে।


