জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তান, বিরাট ঘটনা

Published:

India Pakistan UN

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে সাধারণত ভারত (India) এবং পাকিস্তানকে (Pakistan) একে অপরের বিপরীতে অবস্থান নিতে দেখা যায়। কিন্তু এবার জাতিসংঘে (United Nations) ধরা পড়লো সম্পূর্ণ উল্টো চিত্র। ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার আনা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত। সেই একই পথে হেঁটে ভারতের পাশে দাঁড়িয়ে ইরানকে সমর্থন করলো পাকিস্তানও। এক কথায়, ইরানের পক্ষে ভোটদানের ক্ষেত্রে একই শিবিরে চলে এলো দক্ষিণ এশিয়ার দুই অতি পরিচিত দেশ।

জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তান!

জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘ইসলামিক রিপাবলিক অব ইরানে মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে বিশেষ প্রস্তাবটি পেশ করেছিল কানাডা। 18 নভেম্বর, আন্তর্জাতিক মঞ্চে ভোটাভুটিতে 76টি ভোটে পাস হয়েছে প্রস্তাবটি। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 27টি দেশ। এছাড়াও 64টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। ভারত এবং পাকিস্তানের পাশাপাশি এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে একাধিক পরিচিত দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট রেখেছে চিন, রাশিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ভিয়েতনামের মতো দেশগুলি। সবচেয়ে বড় কথা, আমেরিকা এবং ইজরায়েল এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটদান থেকে বিরত ছিল। অন্যদিকে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন-সহ একাধিক দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ইরান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে এটির তীব্র বিরোধিতা করেছে।

তেহরানের দাবি, কানাডার আনা এই প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মধ্যে দিয়ে মানবাধিকার ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এদিকে কানাডার আবার যুক্তি, মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের পরিস্থিতি মোকাবিলার জন্যই এই প্রস্তাব আনা হয়েছে। তবে এই প্রস্তাবের পক্ষে ভোট না দিয়ে কানাডার যুক্তিকে একপ্রকার উড়িয়ে দিয়েছে ভারত এবং পাকিস্তান দুই দেশই।

আরও পড়ুন: মুহুর্মুহু হামলার কবলে পড়ে জাহাজ, ৩ দিনে সাঁতার কেটেই সেই হরমুজ পার করলেন ব্যক্তি

প্রসঙ্গত, এই ধরনের প্রস্তাবে ভারতের ভোট না দেওয়ার বিষয়টি শুধুমাত্র ইরানকে সমর্থন হিসেবে দেখা ঠিক হবে না। আসলে ভারত দীর্ঘদিন ধরেই কোনও নির্দিষ্ট দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ ধরনের দেশ-নির্দিষ্ট প্রস্তাবের বিরোধিতা করে আসছে। নয়া দিল্লির যুক্তি খুব পরিষ্কার, এই ধরনের প্রস্তাব অনেক সময় একপেশে এবং রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে।

google button