অনন্যা সরকার, কলকাতা: বর্তমান যুগে প্রায় সবকিছুই ডিজিটালাইজ করার সুবিধা রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে যাওয়া থেকে বাঁচাতে অনেকেই এখন সেগুলোর সফট কপি, এমনকি ছবিও নিজের ফোনে রেখে দেন। পরিচয়পত্রের মতো বিভিন্ন প্রয়োজনীয় নথির ডিজিটাল সংস্করণ এখন পাওয়া যায়। মূল কাগজের নথি না থাকলেও, আধার কার্ড বা রেশন কার্ডের মতো জরুরি নথির ডিজিটাল সংস্করণ দেখিয়ে অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করা যায়। একইভাবে, বার্থ সার্টিফিকেটও (Birth Certificate) ডিজিটালাইজ করা সম্ভব এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে ও ঘরে বসেই করা যায়। তবে ঘরে বসে অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে অসুবিধা হলে কিছু বিকল্প পদ্ধতিও রয়েছে। কয়েকটি নথি থাকলে সহজেই পুরসভা, পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট সংগ্রহ করা সম্ভব। কি কি নথির প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক।
ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাতে কী কী প্রয়োজন?
হাতে লেখা পুরোনো শংসাপত্রের তুলনায় ডিজিটাল কপি অনেক বেশি নিরাপদ। কারণ পুরোনো ম্যানুয়াল সার্টিফিকেট হারিয়ে বা সময়ের সাথে সাথে নষ্ট যাওয়ার ঝুঁকি থাকে। ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয়। এই গুরুত্ব বিবেচনা করে পুরসভাগুলি সহায়তার জন্য এগিয়ে এসেছে। এখন যে কেউ তাদের স্থানীয় প্রশাসনিক দপ্তরে গিয়ে ডিজিটাল জন্ম শংসাপত্র সংগ্রহ করতে পারেন। তবে এক্ষেত্রে কয়েকটি প্রয়োজনীয় নথির দরকার হয়। এগুলো সঙ্গে না থাকলে বারবার সরকারি অফিসে ছোটাছুটি করতে হতে পারে। এই ঝামেলা এড়াতে, দফতরের যাওয়ার আগেই প্রয়োজনীয় সব কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন।
আরও পড়ুন: শীতে ব্রেক? দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
পুরসভার সূত্রে জানা গেছে, হাতে লেখা জন্ম শংসাপত্রকে ডিজিটালে রূপান্তরিত করতে হলে একটি সাধারণ কাগজে আবেদনপত্র লিখে জমা দিতে হবে, যেখানে আবেদনকারীর মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। এছাড়া, আবেদনের সঙ্গে কিছু সহায়ক নথিপত্রও জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটের ফটোকপি এবং আবেদনকারীর বাবা-মায়ের আধার কার্ড ও ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই নথিপত্রগুলো জমা দিলেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাওয়ার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এই নথিপত্রগুলি স্থানীয় প্রশাসনিক দফতরে যেমন – পুরসভা, ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। তবে নথিপত্র জমা দিতে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে, ওই স্থানীয় কার্যালয়গুলি বর্তমানে বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজ করার জন্য আবেদন গ্রহণ করছে কি না। ভারতে জন্ম নিবন্ধন সংক্রান্ত বিষয়গুলো রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত আধিকারিকরা পরিচালনা করেন, তাই আপনার স্থানীয় পৌরসভা বা রেজিস্ট্রারের দেওয়া নির্দেশগুলি মেনে চলা জরুরি।


