সূর্যালোক ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করবে ‘ড্রাকুলা, সোলার প্যানেল! কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

Published:

Dracula Solar Technology

অনন্যা সরকার, কলকাতা: সোলার প্যানেলের কথা শুনলে সাধারণত বাড়ির ছাদে বসানো বড় বড় প্যানেলগুলোর ছবিই চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু জানেন কি এমন একধরনের সোলার প্যানেল রয়েছে, যা ঘরের ভেতরেই স্থাপন করা যায়? এই বিশেষ প্রকারের সোলার প্যানেলটির বিশেষত্ব হলো, এটি সরাসরি সূর্যালোক ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ফ্রান্সের ‘ড্রাকুলা টেকনোলজিস’ (Dracula Technologies) নামের একটি কোম্পানি এই উদ্ভাবনী প্রযুক্তিটি (Dracula Solar Technology) তৈরি করেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি অত্যন্ত পাতলা ও নমনীয় এক ধরনের অর্গানিক ফটোভোলটাইক প্রযুক্তির উদ্ভাবন করেছে, যা ঘরের ভেতরের সাধারণ আলো ব্যবহার করেই ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য বিদ্যুৎ তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রযুক্তিটি ভবিষ্যতে ডিসপোজেবল ব্যাটারির প্রয়োজনীয়তাকে পুরোপুরি দূর করে দিতে পারে।

কীভাবে কাজ করে এই ড্রাকুলা সোলার প্যানেল?

সাধারণ সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তীব্র সূর্যালোকের দরকার হয়। তবে ড্রাকুলা টেকনোলজিস এমন এক সোলার প্যানেল তৈরি করেছে যা সূর্যালোকের ওপর নির্ভরশীল নয়। তাই  এটির নাম রাখা হয়েছে ‘ড্রাকুলা’। এই প্রযুক্তি ঘরের ভেতরে আসা প্রাকৃতিক আলো কিংবা কৃত্রিম আলো থেকেই বিদ্যুৎ তৈরি করতে পারে, যা ছোট ব্যাটারিচালিত ডিভাইসগুলোকে শক্তি সরবরাহ করতে পারে।

ড্রাকুলা টেকনোলজিস ডিজিটাল প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে এই প্যানেলগুলো তৈরি করেছে, যেখানে কার্বন-ভিত্তিক অর্গানিক পলিমারের ন্যানো-লেয়ার ব্যবহার করা হয়। এই উৎপাদন প্রক্রিয়ায় কোনো দুর্লভ ধাতু বা ক্ষতিকারক বিষাক্ত পদার্থ ব্যবহৃত হয় না, ফলে এটি পরিবেশবান্ধব এবং আরওএইচএস (RoHS) ও রিচ (REACH)-এর মতো কঠোর সুরক্ষা মানদণ্ড মেনে চলে। ডিজিটাল প্রিন্টিং পদ্ধতির জন্য এগুলোকে যেকোনো আকৃতি বা বিভিন্ন ধরনের পৃষ্ঠের উপযোগী করে তৈরি করা সম্ভব।

আরও পড়ুন: রিলায়েন্সের ২ লক্ষ কোটির পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জমি জট, হরিপুর-নয়াচর নিয়ে পিছিয়ে এল রাজ্য

এই প্রযুক্তিটি এমন অনেক ডিভাইসের বিকল্প হতে পারে, যেগুলো বর্তমানে ডিসপোজেবল ব্যাটারির ওপর নির্ভরশীল। ব্যবহৃত ব্যাটারিগুলো ই-বর্জ্য (e-waste) হিসেবে জমা হয় এবং এগুলোর ভেতরে থাকা বিষাক্ত উপাদান পরিবেশের ক্ষতি করতে পারে। ড্রাকুলা টেকনোলজিসের লক্ষ্য হলো ছোট ইলেকট্রনিক ডিভাইস ও ‘ইন্টারনেট অফ থিংস’ (IoT) সিস্টেম থেকে ব্যাটারির প্রয়োজনীয়তাকে পুরোপুরি বিলুপ্ত করা। এর ফলে বারবার ব্যাটারি পরিবর্তনের ঝামেলা থাকবে না এবং রক্ষণাবেক্ষণ খরচও কমে আসবে। 

এটি স্মার্ট হোম, অফিস ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী। টিভির রিমোট, স্মার্ট ডোর লক, থার্মোস্ট্যাট, কার্বন ডাই অক্সাইড সেন্সর, প্রোডাক্ট ট্র্যাকিং গ্যাজেট, স্মার্ট ক্যামেরা এবং দোকানের ইলেকট্রনিক শেলফ লেবেলের মতো ডিভাইসগুলো কোনো ব্যাটারি ছাড়াই বছরের পর বছর চালাতে সক্ষম এই প্রযুক্তি।

google button