বিহারে ‘ধোনি’র নামে স্টেশন? নামকরণের পিছনে রয়েছে ১১৯ বছরের পুরনো ইতিহাস

Published:

Dhouni Railway Station

সহেলি মিত্র, কলকাতাঃ ট্রেনে ভ্রমণের সময় অনেক স্টেশনের নাম চোখে পড়ে, যেগুলি কোনও বিখ্যাত চলচ্চিত্র তারকা, ক্রিকেটার কিংবা বিশিষ্ট ব্যক্তিত্বের নামের সঙ্গে মিল রয়েছে। এমন নাম দেখেই অনেক সময় কৌতূহল তৈরি হয়, স্টেশনটির নামকরণ কীভাবে হল? সেই নামের পিছনে কি কোনও ঐতিহাসিক ঘটনা রয়েছে, নাকি কোনও বিখ্যাত ব্যক্তির সঙ্গে যোগসূত্র রয়েছে? ঠিক এমনই একটি স্টেশন হল বাঁকা জেলার ধৌনি স্টেশন। অনেকেই এই স্টেশনের (Dhouni Railway Station) নাম শুনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা মনে করেন। কিন্তু সত্যিই কি তাঁর নাম অনুসারে এই স্টেশনের নামকরণ হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ইতিহাস?

১৯০৭ সাল থেকেই রয়েছে ধৌনি স্টেশন

ভাগলপুর থেকে গোড্ডা কিংবা দেওঘরের দিকে ট্রেনে যাতায়াত করলে ধৌনি স্টেশনটি চোখে পড়বে। এটি বিহারের (Bihar) বাঁকা জেলার অন্তর্গত এবং ভাগলপুর-গোড্ডা রেলপথের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বর্তমানে এই স্টেশন দিয়ে একাধিক এক্সপ্রেস ট্রেন চলাচল করে। পাশাপাশি বহু লোকাল ট্রেনও এখানে থামে। তবে এই স্টেশনের ইতিহাস কিন্তু বেশ পুরনো। স্থানীয় ইতিহাসবিদ অলোক কুমারের মতে, ধৌনি স্টেশনটি ১৯০৭ সাল থেকেই রয়েছে। সেই সময় এই রেলপথের উপর দিয়ে ছোট রেললাইন চলাচল করত। পরবর্তীকালে রেল যোগাযোগের উন্নতির সঙ্গে সঙ্গে স্টেশনটির গুরুত্বও বাড়তে থাকে।

মহেন্দ্র সিং ধোনির নামে কি স্টেশনটির নামকরণ?

ধৌনি স্টেশনের নাম শুনে অনেকেই মনে করেন, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম থেকেই হয়তো এই স্টেশনের নামকরণ হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এই ধারণা বেশ প্রচলিত। কিন্তু স্থানীয় ইতিহাসবিদদের মতে, এই ধারণার কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। স্টেশনটি মহেন্দ্র সিং ধোনির জন্ম বা ক্রিকেট জীবনের অনেক আগেই তৈরি হয়েছিল। ফলে তাঁর নামে এই স্টেশনের নামকরণ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: পুরসভা বা পঞ্চায়েত থেকে সহজেই বানান ডিজিটাল বার্থ সার্টিফিকেট, লাগবে শুধু এই নথিগুলো

কীভাবে হল ধৌনি স্টেশনের নামকরণ?

স্থানীয় ইতিহাসবিদ অলোক কুমারের বক্তব্য অনুযায়ী, এই অঞ্চলে ধৌনি সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। সেই সম্প্রদায়ের নাম থেকেই এলাকার নাম ধৌনি হয়ে ওঠে। পরবর্তীকালে সেই এলাকার নাম অনুসারেই রেলস্টেশনের নামকরণ করা হয় ধৌনি। অর্থাৎ, কোনও ক্রিকেট তারকার নাম নয়, বরং স্থানীয় জনজাতি ও এলাকার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই স্টেশনের নাম।

কোন কোন ট্রেন থামে ধৌনি স্টেশনে?

ভাগলপুর-গোড্ডা রেলপথে অবস্থিত ধৌনি স্টেশন দিয়ে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এর মধ্যে বাঁকা ইন্টারসিটি এক্সপ্রেস, রাঁচি-গোড্ডা এক্সপ্রেস, টাটানগর-গোড্ডা এক্সপ্রেস এবং গোড্ডা-রাজেন্দ্র এক্সপ্রেসের মতো ট্রেন রয়েছে। এছাড়া লোকাল ট্রেনের মধ্যে ভাগলপুর-বাঁকা ডিএমইউ, বাঁকা-ভাগলপুর ডিএমইউ, ভাগলপুর-হাঁসডিহা ডিএমইউ, হাঁসডিহা-ভাগলপুর ডিএমইউ এবং ভাগলপুর-গোড্ডা ও গোড্ডা-ভাগলপুর ডিএমইউ-সহ একাধিক ট্রেন এই স্টেশনে যাত্রীদের ওঠানামার সুবিধা দেয়।

google button