হাইওয়েতে হঠাৎ বাইক বিকল হয়ে গেলে কী করবেন? জেনে নিন বিপদ থেকে বাঁচার উপায়

Published:

Highway Tips

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে বাইকে লং ট্রিপ করতে ভালোবাসেন অনেকেই। আর এই প্রবণতা দিনের পর দিন বাড়ছে। ছুটির দিন বা উইকেন্ডে অনেকেই বন্ধুদের সঙ্গে বা দল বেঁধে বাইক নিয়ে বেরিয়ে পড়েন। তবে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে হাইওয়েতে চলার সময় হঠাৎ করে বাইক খারাপ হয়ে গেলে বা টায়ার পাংচার হলে কিংবা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বড়সড় বিপদের আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে কী করবেন (Highway Tips)?

আতঙ্কিত না হয়ে বাইক নিরাপদ স্থানে থামান

আসলে হাইওয়েতে হঠাৎ করে বাইক বিকল হয়ে গেলে বা টায়ার পাংচার হয়ে গেলে প্রথমেই আতঙ্কিত হওয়া চলবে না। ভুলেও হঠাৎ করে জোরে ব্রেক কষতে যাবেন না বা হ্যান্ডেল ঘোরাবেন না। বাইকটিকে নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে গতি কমান এবং রাস্তার একপাশে নিরাপদ জায়গায় বাইকটিকে দাঁড় করান। আর বাইক থামানোর পরপরই ইঞ্জিন বন্ধ করে দিন এবং গাড়িতে হ্যাজার্ড লাইট থাকলে তা অন করে দিন, যাতে পিছন থেকে আসা গাড়িগুলি দূর থেকে সতর্ক হতে পারে।

চলন্ত ট্রাফিক এবং বাইক থেকে দূরে সরে যান

রাস্তার পাশে বাইক থামানোর পর নামার সময় পেছন থেকে আসা দ্রুতগতির গাড়িগুলিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন। কখনোই চলন্ত গাড়ির লেনে দাঁড়িয়ে থাকবেন না। হাইওয়ের পাশে যদি ব্যারিয়ার থাকে, তাহলে বাইকটি সেখানে রেখে ব্যারিয়ারের ওপারে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ান। এরপর পেছন থেকে আসা গাড়িগুলোর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করুন। তবে হ্যাঁ, রাতের বেলায় কোনও নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত চলন্ত গাড়িকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: রামের অযোধ্যা থেকে সীতার জনকপুর, কালই শুরু হচ্ছে ভারত-নেপাল ট্রেন পরিষেবা

ন্যাশনাল হাইওয়ে হেল্পলাইন নম্বরে কল করুন

জাতীয় সড়কে যে কোনও জরুরি সাহায্যের জন্য ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইন নম্বর ১০৩৩-এ দ্রুত ফোন করুন। এই পরিষেবার মাধ্যমে পেট্রোলিং ভ্যান, ক্রেন কিংবা অ্যাম্বুলেন্সের সুবিধা পাওয়া যায়। কল করার পর অপারেটরকে আপনার সমস্যার কথা ভালোভাবে জানান। আপনি কোন হাইওয়েতে রয়েছেন, কোনদিকে যাচ্ছেন এবং আশেপাশে কোনও টোল প্লাজা বা পরিচিত স্থানের নাম উল্লেখ করুন, যাতে উদ্ধারকারী দল দ্রুত আপনার কাছে পৌঁছতে পারে। এর পাশাপাশি যে কোনও জরুরি পরিস্থিতিতে ১১২ নম্বরেও কল করে সাহায্য চাইতে পারেন।

google button