ফাঁটা ঠোঁট হবে মসৃণ! শীতকালে ঘরোয়া লিপবাম তৈরির সহজ উপায়

Published:

lipbalm (1)

আনিষা চৌধুরী, কলকাতা: শীতকাল (Winter) এলেই ত্বকের পাশাপাশি ঠোঁটেরও নানা রকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা দ্রুত হারিয়ে যায়। ফলে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা, ফেটে যাওয়া এমনকি কখনও কখনও রক্ত বেরোনোর মতো সমস্যাও দেখা দিতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি লিপবাম ব্যবহার করেন। তবে চাইলে বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন ১০০% খাঁটি প্রাকৃতিক লিপবাম (Lip Balm)। রইল পাঁচটি সহজ উপায়।

১. নারকেল তেল দিয়ে লিপবাম:

ঠোঁটের শুষ্কতা কমাতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। একটি ছোট পাত্রে এক চামচ নারকেল তেল নিয়ে তাতে সামান্য মোম (Beeswax) মিশিয়ে নিন। এবার হালকা আঁচে গলিয়ে ভালো করে মিশিয়ে একটি ছোট কৌটায় ঢেলে দিন। ঠান্ডা হলেই মিশ্রণটি আপনা থেকেই জমে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল ঘরোয়া লিপবাম।

২. ঘি দিয়ে লিপবাম:

ঘি ঠোঁটের শুষ্ক ভাব কমাতে সাহায্য করতে পারে। এক চামচ ঘি নিয়ে তাতে সামান্য মোম মিশিয়ে গরম করুন। মিশ্রণটি ঠান্ডা করে ছোট পাত্রে রেখে ব্যবহার করুন।

৩. মধু দিয়ে লিপবাম:

প্রথমে এক চামচ নারকেল তেলের সঙ্গে আধ চামচ মধু মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে পরিষ্কার পাত্রে রাখুন। এটি ঠোঁটকে নরম রাখতে সাহায্য করবে। তবে মধু ও তেল আলাদা হয়ে যেতে পারে, তাই প্রতিবার ব্যবহারের আগে মিশিয়ে নিন।

৪. অ্যালোভেরা দিয়ে লিপবাম:

অ্যালোভেরা জেল ও নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে নিতে পারেন। তবে জলীয় উপাদান থাকায় এটি বেশিদিন সংরক্ষণ করবেন না। অল্প পরিমাণে তৈরি করে ফ্রিজে রাখুন। আর তাড়াতাড়ি ব্যবহার করে ফেলুন।

৫. আমন্ড অয়েল দিয়ে লিপবাম:

এক চামচ আমন্ড অয়েলের সঙ্গে সামান্য মোম মিশিয়ে হালকা গরম করুন। মিশ্রণটি গলে গেলে কৌটায় ঢেলে ঠান্ডা হতে দিন। আমন্ড অয়েল ঠোঁটের শুষ্কতা কমাতে সাহায্য করে।

উপর্যুক্ত প্রতিটি লিপবাম ১০০ শতাংশ খাঁটি। এগুলি তৈরি করতেও খুব একটা খাটনি নেই। ঘরে থাকা একদম সাধারণ উপাদান দিয়েই তৈরি করে ফেলা যায়। যেহেতু এখানে কোনও রাসায়নিক বা প্রিজারভেটিভ মেশানো হয়নি, তাই খুব সাবধানে সংরক্ষণ করবেন এবং অনেক বেশি পরিমাণে তৈরি না করে অল্প পরিমাণে তৈরি করবেন। ঠিকভাবে না রাখলে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে।

আরও পড়ুন: শীতকালে ত্বকের যত্ন নেওয়ার সহজ ১০ উপায়

শীতকালে ঠোঁটের যত্ন নিতে শুধু লিপবাম ব্যবহার করলেই হবে না, পর্যাপ্ত জল পান করাও জরুরি। ঠোঁটের চামড়া বারবার টেনে তোলা বা জিভ দিয়ে ভেজানো এড়িয়ে চলুন। ঘরোয়া উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন। ঠোঁটে ক্ষত বা অ্যালার্জি থাকলে কোনও কিছু ব্যবহার না করাই ভালো।

google button