৪০ দিনেই ফলন, ব্যাপক চাহিদা! ভেষজ ‘বেসিল’ চাষে লক্ষ্মীলাভ বাংলার চাষিদের

Published:

Sweet Basil Cultivation

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে বিদেশি ভেষজ উদ্ভিদের চাষাবাদ। এর মধ্যে অন্যতম হল ইতালীয় রান্নার অপরিহার্য সুগন্ধি ভেষজ ‘সুইট বেসিল’ (Sweet Basil), যা একসময় কেবল ইউরোপের শীতল জলবায়ুতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন এটি উত্তর ২৪ পরগনা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সফলভাবে চাষ করা হচ্ছে (Basil Cultivation)। অধিক লাভের আশায় হাবরা, বারাসত, দেগঙ্গা এবং নদিয়া সীমান্ত সংলগ্ন এলাকার প্রগতিশীল কৃষিজীবীরা ধান বা প্রচলিত শাকসবজি চাষের পাশাপাশি অধিক লাভের আশায় এই ইতালীয় ভেষজের চাষের দিকে ঝুঁকছেন।

বেসিল চাষে বাংলার চাষিরা দেখছেন আশার  আলো

কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার অভিজাত রেস্তোরাঁ, ক্যাফে ও পাঁচ-তারা হোটেলগুলোতে টাটকা বেসিল পাতার ব্যাপক চাহিদা রয়েছে। পাস্তা, পিৎজা ও স্যালাডের মতো বিভিন্ন খাবারে, এমনকি ইতালির ঐতিহ্যবাহী পেস্তো সস (Pesto Sauce) তৈরিতেও এটি ব্যবহৃত হয়। আগে এই পাতাগুলো অন্য রাজ্য থেকে বেশি দামে আমদানি করতে হতো। তবে রাজ্যের বিভিন্ন জেলার জলবায়ু ও উর্বর দোআঁশ মাটি বেসিল চাষের উপযোগী হওয়ায়, প্রায় দেড় থেকে দুই দশকে স্থানীয়ভাবে এর চাষ বেড়েছে।

বেসিল হলো তুলসী গোত্রীয় একটি উদ্ভিদ, তবে এর পাতাগুলো ভারতীয় উপমহাদেশে দেখতে পাওয়া তুলসীর থেকে তুলনামূলকভাবে অনেকটা বড় ও চওড়া হয়। এতে থাকে এক ধরনের মিষ্টি সুগন্ধ, যা এগুলিকে অন্যান্য ভেষজের থেকে আলাদা করে। সবচেয়ে উল্লেখযোগ্য হল বীজ বপনের মাত্র ৪০ থেকে ৫০ দিনের মধ্যেই এই গাছের পাতা সংগ্রহের উপযোগী হয়ে ওঠে। সঠিক পরিচর্যা ও জৈব সার ব্যবহার করে একটি গাছ থেকে কয়েক মাস ধরে নিয়মিত ফলন পাওয়া যায়। 

আরও পড়ুন: একই গাছে ফলবে দুই সবজি! বিহারে ‘পোমাটো’ ও ‘ব্রিজেটো’ চাষের উদ্যোগ

সাধারণ শাকসবজির তুলনায় বাজারে বেসিলের দাম অনেক বেশি, যার ফলে খুচরা ও পাইকারি উভয় বাজারেই কৃষকরা অনেক বেশি লাভ করতে পারেন। বর্তমানে এই পাতার বাজারে দাম প্রতি কেজিতে প্রায় ২০০ থেকে ২৫০ টাকা। শুধু চাষিরা নয়, অনেক ভেষজ ও উদ্ভিদপ্রেমী মানুষ বাড়ির ছাদে কিংবা হাইড্রোপনিক পদ্ধতিতে এর চাষ করছেন।

google button