লাগবে না এই নথি, কাস্ট সার্টিফিকেটের নিয়মে বিরাট বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

Published:

Caste Certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: কাস্ট সার্টিফিকেটের (Caste Certificate) নিয়মে এবার বিরাট বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। এবার আর অযথা হয়রানি নয়, জাতিগত শংসাপত্র তৈরি এবং তা পুনরায় যাচাইয়ের ক্ষেত্রে জমির দলিল দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানাল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। আসলে এর আগে কাস্ট সার্টিফিকেট পেতে ১৯৫০ সালের আগের জমির দলিল জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে এবার থেকে এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট পেতে আর লাগবে না এই গুরুত্বপূর্ণ নথি।

কাস্ট সার্টিফিকেটের নিয়মে বদল আনল সরকার

রাজ্যে পালাবদলের পরেও বেশ কিছু জেলায় কাস্ট সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে পুরোনো জমির দলিল চাওয়া হচ্ছে বলে নবান্ন জমা পড়ছে অভিযোগ। এমনকি এই দলিল না দেখলে ইস্যু করা হচ্ছে না জাতিগত শংসাপত্র। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসল প্রশাসন। এমনকি ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, জাতিগত পরিচয় অথবা বসবাসের প্রমাণের জন্য জমির দলিল দেওয়ার বাধ্যতামূলক নয়।

এমনকি ২০১৪ ও ২০১৫ সালের পুরনো নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে নতুন করে জেলায় জেলায় সংশ্লিষ্ট দফতরগুলিকে এই নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি কাস্ট সার্টিফিকেট দেওয়ার দায়িত্বে যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন, তারা যাতে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলেন তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করার নিয়ম নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগের সরকারের আমলে লক্ষ লক্ষ ভুয়ো সার্টিফিকেট তৈরি হয়েছিল বলে অভিযোগ। তবে নতুন সরকার সেই দুর্নীতি বরদাস্ত করবে না বলেই জানিয়েছে।

আরও পড়ুন: ৬৫ বছরেই অতিরিক্ত পেনশন? চিকিৎসা ভাতা ৩,০০০ করার দাবিতে সরকারের কাছে চিঠি

এখনও পর্যন্ত যা খবর, প্রায় ৪৫ হাজারের বেশি কাস্ট সার্টিফিকেট রাজ্য সরকারের নজরে ছিল। যাচাই করার পর অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফ থেকে বাতিল করা হয়েছিল বেশ কিছু সার্টিফিকেট। এছাড়া ২০১১ সালের পর ইস্যু হওয়া এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফ থেকে যে নির্দেশ জারি করা হয়েছিল, তার উপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত। আর এবার নতুন কাস্ট সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে জমির দলিলের বাধ্যবাধকতা বাতিল করল নবান্ন।

google button